বন্যায় তলিয়ে গেছে জাকার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অচল হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। কর্মীরা কাজে যোগ দিতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। বর্ষণ এখনো চলছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।এবিসি নিউজ জানায়, জাকার্তায় বন্যায় ১০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া গতকাল রাতে বন্যার পানিতে এক শিশুসহ দুজন ভেসে গেছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মী সুতোপো পুরও নুগ্রোহো। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশঙ্কা করছে, গৃহহীন লোকজনের সংখ্যা বেড়ে সাড়ে তিন লাখ হতে পারে। জাকার্তার এক তৃতীয়াংশ এখন বন্যার পানিতে ডুবে গেছে। ওমর দানি নামের এক বাসিন্দা বলেন, ‘আমার বাড়িঘর শেষ হয়ে গেছে।’ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।গতকাল রাতভর জাকার্তায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটা সবচেয়ে বেশি বৃষ্টিপাত। রাজধানীর প্রাণকেন্দ্রে যেখানে রাস্তাঘাট বেশির ভাগ সময় যানজট থাকে, তা এখন বন্যার পানির নিচে । শহরের প্রধান বিমানবন্দর খোলা থাকলেও প্রধান প্রধান সড়ক বন্ধ। জাকার্তা স্টক এক্সচেঞ্জ খোলা রয়েছে। তবে লেনদেনের পরিমাণ খুব কম।একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ভবন, অর্থ ও কৃষি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক খোলা রয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, বন্যার কারণে বিদ্যুত্ ব্যবস্থা ভেঙে পড়ায় মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হতে পারে।