বন্যাসহিষ্ণু আমনবীজ মাঠে গেছে খরাসহিষ্ণু আগামী মৌসুমে
আমন ধানের উৎপাদন বাড়ানোর সরকারি উদ্যোগের ফলে চলতি মৌসুমেই মাঠপর্যায়ে কৃষকের কাছে চলে গেছে বন্যাসহিষ্ণু আমনবীজ। খরাসহিষ্ণু আমনবীজও আগামী মৌসুমেই মাঠপর্যায়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিজ্ঞানীদের আশা।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘বন্যাসহিষ্ণু বিআর-৫১ ও ৫২ এ বছর স্বল্প পরিসরে চাষাবাদের জন্য মাঠপর্যায়ে গেছে। আগামী মৌসুমে খরাসহিষ্ণু আমনের বীজ অবমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। এ ছাড়া লবণসহিষ্ণু আমনের দুটি জাত উদ্ভাবনের পর এখন বীজ প্রত্যয়ন এজেন্সির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ব্রি সূত্র জানায়, চলতি বর্ষা মৌসুমে খরাসহিষ্ণু জাতটির চূড়ান্ত পরীক্ষামূলক চাষ করা হবে রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং কুষ্টিয়া ও মাগুরা সদর উপজেলায়। বাংলাদেশের এই জেলাগুলোয় সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমেও কৃত্রিম সেচ দিতে হয়েছে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, আবাদযোগ্য জমির বেশির ভাগেই আমনের চাষ হলেও অতীতে এর উৎপাদন বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তা ছাড়া একটি মাত্র ধানের (বোরো) ওপর নির্ভর করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকার আমনের উৎপাদন বাড়াতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থার এক যৌথ সমীক্ষায় (২০০৮) দেখা গেছে, দেশের চাষাবাদযোগ্য জমির মধ্যে আমনের এলাকা সর্বোচ্চ হওয়া সত্ত্বেও উৎপাদনের দিক থেকে এর স্থান দ্বিতীয় এবং বোরোর প্রায় অর্ধেক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে (২০০৭-০৮) দেখা গেছে, ওই বছর আমনের উৎপাদন হয়েছে ৯৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন এবং বোরোর উৎপাদন হয়েছে এক কোটি ৭০ লাখ ৭৬ হাজার মেট্রিক টন।আমনের উৎপাদন বাড়াতে এখন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) সহযোগিতা করছে। ইরির জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশে প্রধানত ‘সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভস ফর সাউথ এশিয়া (সিসা)’ এবং ‘স্ট্রেস টলারেন্ট রাইস ফর পুওর ফার্মারস ইন আফ্রিকা অ্যান্ড সাউথ ইশয়া (স্ট্রাসা)’—এই দুটি প্রকল্পের আওতায় বন্যা, খরা ও লবণসহিষ্ণু জাত উদ্ভাবনের কাজ চলছে।খরাসহিষ্ণু জাতটির উদ্ভাবনে নেতৃত্বদানকারী বিজ্ঞানী তমাল লতা আদিত্য প্রথম আলোকে বলেন, প্রায় দুই বছর ধরে তাঁরা এই জাতটি উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন। এ বছর সর্বশেষ পরীক্ষামূলক চাষটি করা হবে। আগামী আগস্ট মাসে চারা রোপণের পর ২৮ দিন পর্যন্ত কৃত্রিম খরা পরিস্থিতি সৃষ্টি করা হবে খেতগুলোতে। তারপর ফুল আসার ও পরিপক্ব হওয়ার সময় জাতীয় বীজ বোর্ড এর মূল্যায়ন করবে। আগামী বছরের জুনের মধ্যে নতুন এই জাত অবমুক্ত করা যাবে।এই জাত ফসল হয়ে ঘরে উঠবে ১১০ দিনে। ফলন হবে হেক্টরপ্রতি চার থেকে সাড়ে চার টন। গত বছর ভারতের খরাপ্রবণ উত্তর প্রদেশ অঞ্চলে খরাসহিষ্ণু ‘শাহবাগি ধান’ অবমুক্ত হয়েছে। ইরির সহযোগিতায় আরও কয়েকটি জাতের পাশাপাশি শাহবাগি ধানও আনা হয়েছে বাংলাদেশে।লবণসহিষ্ণু আমনের যে দুটি জাত অবমুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে, সেগুলোর নাম প্রস্তাব করা হয়েছে ব্রি ৫৩ ও ৫৪। গবেষক রফিকুল ইসলাম বলেন, গত বছর সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালীর কলাপাড়া, নোয়াখালী সদর, ফেনীর সোনাগাজী ও কক্সবাজারের চকরিয়ায় ১০-১২ ধরনের ধানের চাষ করা হয়েছিল। চূড়ান্ত পরীক্ষামূলক চাষে কৃষকেরা যে দুটি জাত পছন্দ করেছেন, সে দুটিকেই বাছাই করে নিয়েছে ব্রি।নতুন এই দুটি ধান লবণসহিষ্ণু অন্য দুটি জাত ব্রি ৪০ ও ৪১-এর চেয়েও অধিকমাত্রায় লবণ সহ্য করতে পারবে। এ ছাড়া ব্রি ৪০ ও ৪১-এর মেয়াদ ১৪০ থেকে ১৪৫ দিন হলেও নতুন এই দুটি ধান ১২৫ থেকে ২৩০ দিনের মধ্যে পাকবে। উৎপাদনও হেক্টরপ্রতি গড়ে এক থেকে দেড় টন পর্যন্ত বেশি অর্থাৎ সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় টন পর্যন্ত হবে। বর্ষা মৌসুমে যখন ঘেরে চিংড়ির চাষ বন্ধ থাকে, তখন এ দুটি ধানের চাষ করা যাবে।পানি-সংকট মোকাবিলা ও আমনের উৎপাদন বাড়াতে শস্যক্রমেও কিছু পরিবর্তন আনার চিন্তা-ভাবনা চলছে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আমন-রবিশস্য-আউশ —এমন একটি বিন্যাসের সুপারিশ করা হয়েছে বন্যামুক্ত উঁচু ভূমি অঞ্চলের জন্য। সাবেক সচিব ও কৃষিবিজ্ঞানী জহিরুল করিম প্রথম আলোকে বলেন, পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করতে হয় বলে বাংলাদেশে কৃষকেরা ১৫ জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত আমনের আবাদ করে থাকেন। আমন উৎপাদনের সময় যত পেছায়, উৎপাদন তত কমে এবং ফসল তোলার সময়ও পেছায়। এ ছাড়া কৃষকেরা রবি মৌসুমে চাষাবাদ করতে পারেন না। সরাসরি বোরো উৎপাদনে যেতে হয়। একটি বা দুটি সম্পূরক সেচ দিয়ে আমন ধান রোপণের সময়টা একটু এগিয়ে জুলাই মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে আনলে নভেম্বর নাগাদ ফসল তোলা সম্ভব হবে। এর ফলে কৃষক রবি মৌসুমে গম, ডাল, সরিষা, শীতকালীন আলুসহ নানা ফসলের চাষ করতে পারবেন। পরবর্তী আমন মৌসুমে যাওয়ার আগে আউশের চাষও সম্ভব হবে। এই শস্যক্রম অনুসরণ করলে এক কেজি আমন ধান উৎপাদনে ৮০০ থেকে ৯০০ লিটার পানি লাগবে। অথচ এক কেজি বোরো ধান উৎপাদনে পানি লাগে তিন হাজার থেকে চার হাজার লিটার।নতুন জাত উদ্ভাবনের চেষ্টার পাশাপাশি অপ্রচলিত কিন্তু ভালো ফলন দেয় এমন ধানের প্রসার ঘটানোর ওপর জোর দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাঈদ আলী বলেন, আয়ুষ্কাল কম এবং হেক্টরপ্রতি ফলন বেশি হওয়ায় সদ্য অবমুক্ত বিনা-৭, স্বল্প সময়ে পাকে এমন ধান বিআর-৩৩, বিআর-৩৯, বিআর-৪৬, বিআর-২২ ও বিআর-২৩ চাষে এ বছর কৃষকদের উৎসাহ দেওয়া হবে।