বন্যায় পাকিস্তানে ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে ধেয়ে আসা বন্যার কারণে দক্ষিণের উপকূলবর্তী এলাকার হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। আজ বুধবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।জানা গেছে, বহু গ্রাম প্লাবিত হওয়ায় সিন্ধুপ্রদেশের থাট্টা এলাকা থেকে প্রায় দুই লাখ মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।উদ্ধারকর্মীরা দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতিদিন ১৮টি হেলিকপ্টারে করে ত্রাণকাজ চালাচ্ছে। কিন্তু জাতিসংঘ জানিয়েছে, বিচ্ছিন্ন মানুষের ত্রাণের জন্য ৪০টিরও বেশি মালবাহী বিমান দরকার।বিভিন্নস্থানে পানিবাহিত রোগ প্রতিরোধ ও প্রতিকার করতে চিকিত্সকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১৬ লাখ মানুষ কলেরা ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে।এই বন্যার কারণে আশ্রয়হীন প্রায় ৫০ লাখ পাকিস্তানিকে আশ্রয় দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে তাঁবু প্রয়োজন। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় পাকিস্তানে এক কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে প্রায় ১২ লাখ ঘরবাড়ি।