বন্যায় পাকিস্তানে ৮০০ মানুষের মৃত্যু
অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ৮০০ মানুষের মৃত্যু হয়েছে এবং ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। এদিকে আফগানিস্তানের চারটি প্রদেশে বন্যায় প্রাণ হারিয়েছে ৬০ জন মানুষ।বন্যাপ্লাবিত এলাকায় যোগাযোগব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা জলমগ্ন এলাকায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এ অঞ্চলের সবচেয়ে বড় শহর পেশোয়ারও বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।পাকিস্তান সরকার ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩৬ ঘণ্টায় ৩১২ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এ কারণে সোয়াত ও সাংলা জেলা এবং আফগানিস্তানের কিছু অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁরা মনে করছেন, বৃষ্টি আরও হতে পারে।পাকিস্তানে জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থার প্রধান মেনাউয়েল বেসলার বিবিসিকে জানান, তাঁর কাছে ক্ষয়-ক্ষতির চিত্রটি এখনো স্পষ্ট নয়। যেহেতু যোগাযোগের অভাবে তিনি তাঁর কয়েকটি দপ্তর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। সেনাবাহিনী এসব এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এটি গত ৮০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা।