বব মারলের ‘ইজ দিস লাভ’ গির্জা আগুনে ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৮ সালে লন্ডনের ক্রাইস্ট অ্যাপসটলিক গির্জায় জ্যামাইকান সংগীতশিল্পী বব মারলের ‘ইজ দিস লাভ’ গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছিল। তখন অবশ্য কেসকিডি সেন্টার নামেই পরিচিত ছিল এই গির্জা। সম্প্রতি লন্ডনের কিংস ক্রসে অবস্থিত গির্জাটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে।১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেসকিডি সেন্টার। যুক্তরাজ্যের কৃষ্ণাঙ্গদের প্রথম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয় সেটাকে। প্রতিষ্ঠার পর থেকে বহু বছর শুধু সেখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পেতেন যুক্তরাজ্যে বসবাসরত কৃষ্ণাঙ্গরা। সত্তরের দশকে সেখানে পারফর্ম করেছিলেন রেগে সংগীতের কিংবদন্তি শিল্পী বব মারলে। ১৯৭৮ সালে ‘ইজ দিস লাভ’ গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের জন্য কেসকিডি সেন্টারকেই বেছে নেন মারলে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছিলেন ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। তখন অবশ্য সুপার মডেল তকমা পাননি নাওমি। কারণ তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর।অর্থনৈতিক সমস্যার কারণে ১৯৯১ সালে বন্ধ হয়ে যায় কেসকিডি সেন্টার। তখন তিনতলা ভবনটি কিনে নেয় ক্রাইস্ট অ্যাপসটলিক গির্জা কর্তৃপক্ষ। সম্প্রতি অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গির্জাটি। গত বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লন্ডন দমকল বাহিনীর অন্তত ৪০ জন কর্মী মধ্যরাত পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেন।এ প্রসঙ্গে কাউন্সিলর ক্যাথেরিন ওয়েস্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ‘এটা ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি ঘটনা। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হননি। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি ভস্মীভূত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। কারণ এটাকে ঘিরে বহু মানুষেরই অনেক স্মৃতি রয়েছে।’