সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার রাজধানীর শাহবাগ মোড় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন একদল শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, বয়সসীমা বাড়ানোর দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আজ সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবরোধ শুরু হয়। কয়েক হাজার শিক্ষার্থী এতে যোগ দেন। অবরোধের কারণে ওই এলাকার সন্নিহিত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে বেলা আড়াইটার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন। সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইশতিয়াক হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হতেই ২৭-২৮ বছর হয়ে যায়। সরকারি চাকরির প্রস্তুতির জন্য মাত্র দুই থেকে তিন বছর সময় পাওয়া যায়, যা যথেষ্ট নয়। তাই বয়সসীমা বাড়ানোর দবিতে আজ চার ঘণ্টা অবরোধ করা হয়েছে। ১৩ জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।আন্দোলনকারীরা বলেছেন, ২০১১ সালের ডিসেম্বরে সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ করা হয়। চাকরির বয়সসীমা যেহেতু বাড়ানো হয়েছে, চাকরিতে প্রবেশের বয়সসীমাও তাই বাড়াতে হবে।