বয়স্ক লোক মোকাবিলায় প্রস্তুতি নেই
যুক্তরাজ্যে দীর্ঘজীবী হচ্ছে মানুষ। বাড়ছে বয়স্ক লোক। এতে সামাজিক ও অর্থনৈতিক যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এ ব্যাপারে সে রকম প্রস্তুতি নেই সরকারের। বয়স্ক লোকদের আগুয়ান এই চ্যালেঞ্জের বিষয়ে হুঁশিয়ার করেছে পার্লামেন্টের লর্ডস কমিটি। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।কমিটি তার প্রতিবেদনে বলেছে, দীর্ঘ জীবনের কারণে গণসেবার ক্ষেত্রে ধারাবাহিক কিছু সংকট সৃষ্টি হতে পারে। বয়স্ক লোকজন যেহেতু বাড়ছে, কাজেই মানুষের ভালো মানের টেকসই জীবনের জন্য অবসরভাতা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।সরকার অবশ্য বলেছে, জনসাধারণকে পরবর্তী জীবনে সহায়তা দেওয়ার বিষয়টিকে তারা অগ্রাধিকার দিচ্ছে।গণসেবা-বিষয়ক ওই লর্ডস কমিটি জাতীয় পরিসংখ্যান দপ্তর থেকে তথ্য জোগাড় করে আভাস দিয়েছে, ২০১০ সাল থেকে ২০৩০ সালের মধ্যে ৬৫ বছরের নাগরিকদের সংখ্যা ৫০ শতাংশ বাড়বে। একই সঙ্গে ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের সংখ্যা দ্বিগুণ হবে।কমিটির চেয়ারম্যান লর্ড ফিলকিন বলেন, ‘দেশে বয়স্ক লোকের সংখ্যা যেভাবে দ্রুত বাড়ছে, এই পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত নই।’প্রায় এক বছর ধরে যুক্তরাজ্যের গণসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন ও এর প্রভাবের ওপর ভিত্তি করে লর্ডস তাদের এই প্রতিবেদন তৈরি করে। এতে স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্টসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাত্কার নেওয়া হয়।