বর-কাজি পালালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজিকে অন্য জায়গায় পাঠিয়ে ও বরকে লুকিয়ে এক নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে অভিভাবকেরা। পরে সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা বাধা দিলে বিয়ে বন্ধ হয়। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের আসরে সাংবাদিক যাওয়ার খবর পেয়ে দুই পক্ষের অভিভাবকেরা কাজিকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। বরকেও লুকিয়ে ফেলেন। বিয়ের গেটটি সরিয়ে গানবাজনা বন্ধ করে দেওয়া হয়। তবে এ সময় আশপাশের বাসিন্দারা জানায়, সেখানে বিয়ের আয়োজন করা হচ্ছিল। ওই গ্রামের কয়েকটি সূত্র জানায়, বিয়ের কনে গয়েশপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত। চলতি বছর সে অন্য একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়। গয়েশপুর বিদ্যালয় সূত্রে জানা যায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় মেয়েটির জন্ম তারিখ ছিল ২০.০৭.১৯৯৭।ঘটনাস্থলে গিয়ে কাজির খোঁজ করলে এলাকাবাসী জানায়, তিনি বিয়ে বাড়িতে বরের সঙ্গে রয়েছেন। সাংবাদিক আসার খবর শুনে কাজি গা-ঢাকা দেন। বরের বাবা তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামের আবদুল গণি মিয়া ও বর মতিউর রহমানেরও (২৪) খোঁজ মেলেনি। এত লোকজনের খাওয়া-দাওয়ার আয়োজন ও উপঢৌকন গ্রহণের প্রসঙ্গে জানতে চাইলে মেয়ের বাবা বলেন, এটি বিয়ের অনুষ্ঠান নয়। এমনিতেই লোক খাওয়াচ্ছি।যোগাযোগ করা হলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।বিকেল পাঁচটার দিকে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল সাত্তার ও উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন বিয়ে বাড়িতে যান। এ সময় মেয়ের বাবা ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে এক লিখিত অঙ্গীকারনামা দেন। সেখানে আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদের সদস্যরা ছিলেন। এদিকে বরের বদলে পুলিশকে আসতে দেখে অতিথিরা চটজলদি বিয়ের আসর ত্যাগ করেন।