বরইতলা মেসমালিকের করুণ অভিজ্ঞতা
ফরিদপুর শহরের মেয়েদের আদি মেসের মধ্যে বরইতলা মেসটি অন্যতম। প্রায় ২৫ বছর আগে এ মেসে মেয়েদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি ছিল এ মেসের সুনামের অন্যতম হাতিয়ার। রাজেন্দ্র কলেজ ও সারদা সুন্দরী কলেজের শিক্ষকেরাও হলে জায়গা দিতে না পেরে এ মেসে ছাত্রীদের পাঠাতেন। কিন্তু ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বরের একটি মর্মান্তিক ঘটনা এ মেসমালিককের জন্য নিয়ে আসে এক ভয়ংকর অভিজ্ঞতা। মেসে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে মারা যায় মাগুরা জেলার ভরত কুমার বিশ্বাসের মেয়ে অদিতি। মেসমালিক নাসিমা বেগম বলেন, ‘ছেলেদের মেসে ঝামেলা বেশি, আড্ডা বেশি এ কথা ভেবে মেয়েদের মেস দিয়েছিলাম। কিন্তু ওই মৃত্যুর ঘটনা আমার পরিবারকে সর্বস্বান্ত করে দেয়। মেয়ের বাবা মামলা করেছিল। আমাকে আর আমার স্বামীকে আসামি করেছিল। দেড় বছর আমাদের পালিয়ে বেড়াতে হয়। আমার স্বামীর একটি ডিপার্টমেন্টাল স্টোর ছিল। দেড় বছর না খোলায় অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। পরে হাইকোর্ট থেকে আমরা জামিন পাই। নিম্ন আদালতে হাজির হলে বিচারক আমার জামিন মঞ্জুর করলেও স্বামীকে কারাগারে পাঠায়। ২০ দিন তাঁকে জেল খাটতে হয়। পরে পুলিশের অভিযোগপত্রে আমাদের নাম না আসায় আমরা সম্পূর্ণভাবে মুক্তি পাই। বিপ্লব নামের এটি ছেলের সঙ্গে অদিতির প্রেম ছিল বলে শুনেছি। সেই মান-অভিমানের কারণে এ মৃত্যু। বিনা কারণে আমরা ভুগলাম। সেই থেকে তওবা করেছি, আর মেয়েদের মেস নয়, পরে ছেলেদের মেস দিয়েছি।’মেসের কিছু কমন সমস্যা: শহরের অলিগলিতে ছড়িয়ে আছে মেস। এর মধ্যে কিছু কিছু মেসের পানি ও টয়লেটের মতো মৌলিক সমস্যা ছাড়াও কিছু উটকো সমস্যা রয়েছে, যার জন্য প্রতিনিয়ত মেসের ছেলেদের বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়।এগুলোর মধ্যে রয়েছে শহরের কিছু কিছু মেসের ছাত্রদের বাধ্যতামূলকভাবে রাজনৈতিক দলের মিছিল ও সমাবেশে যোগ দেওয়া। বহিরাগতরা মেসে এসে আড্ডা জুড়ে বসে। নিবাসীদের প্রতিবাদ করা চলে না। বহিরাগতরা মেয়েদের নিয়ে এসে অসামাজিক কাজ করে, যা নিবাসীদের মেনে নিতে হয়।তাস ও জুয়া খেলা ইত্যাদি কাজে মেসগুলোকে ব্যবহার করে। অবশ্য এর পেছনে কোনো কোনো নিবাসীর ইন্ধনও থাকে।