বরকলে ইউপিডিএফের চার কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতা-কর্মী নিহত হয়েছেন। ইউপিডিএফ এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে জেএসএস তা অস্বীকার করেছে।নিহত ব্যক্তিরা হলেন অনিমেষ চাকমা (৪৫), প্রবীণ চাকমা ওরফে শুক্রসেন (৩৫), পূর্ণ ভূষণ চাকমা (৪৮) ও পুলক জীবন চাকমা (৩৩)।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফ আগামী সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বলে সংগঠনের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল নয়টার দিকে সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় ইউপিডিএফের ছয় নেতা-কর্মী খাওয়া ও বৈঠক করার জন্য অরুণ চাকমার বাড়িতে যান। সেখানে পৌঁছার কিছুক্ষণের মধ্যে বাড়িটি জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যরা ঘেরাও করে উপর্যুপরি গুলি শুরু করেন। এ সময় দুজন পালাতে পারলেও চারজন ঘটনাস্থলেই নিহত হন।আজ সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রবীণ চাকমার লাশ উদ্ধার করেছে। অন্য লাশগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইদ্রিস। পুলিশের ভাষ্যমতে, ওই এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক অলকেশ চাকমা অভিযোগ করেন, ‘আমাদের গণতান্ত্রিক রাজনীতিকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা সন্ত্রাসী কায়দায় প্রতিহত করার চেষ্টা করছেন। চার নেতা-কর্মীকে তাঁর বাহিনী খুন করেছে। যাঁরা খুন হয়েছেন, তাঁরা সবাই নিরস্ত্র ছিলেন।’জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সুজিত চাকমা ওই অভিযোগ অস্বীকার করে বলেন, জেএসএস গণতান্ত্রিক কার্যক্রমে বিশ্বাসী। জেএসএসের কোনো সশস্ত্র বাহিনী নেই। তাই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রশ্নও আসে না।জেএসএস, ইউপিডিএফ ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের এই দুই আদিবাসী রাজনৈতিক সংগঠনের মধ্যে সংঘাতে গত এক যুগে সাত শতাধিক নেতা-কর্মী খুন হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক। অপহূত হয়েছেন দেড় হাজারের বেশি।