বরকলে গুলিতে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতা-কর্মী নিহত হয়েছেন। ইউপিডিএফ এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে জেএসএস তা অস্বীকার করেছে। নিহত ব্যক্তিরা হলেন অনিমেষ চাকমা (৪৫), প্রবীণ চাকমা ওরফে শুক্রসেন (৩৫), পূর্ণভূষণ চাকমা (৪৮) ও পুলক জীবন চাকমা (৩৩)।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফ আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বলে সংগঠনের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল নয়টার দিকে সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় ইউপিডিএফের ছয়জন নেতা-কর্মী খাওয়া ও বৈঠক করার জন্য অরুণ চাকমার বাড়িতে যান। সেখানে পৌঁছার কিছুক্ষণের মধ্যে বাড়িটি জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যরা ঘেরাও করে উপর্যুপরি গুলিবর্ষণ শুরু করেন। এ সময় দুজন পালাতে পারলেও চারজন ঘটনাস্থলেই নিহত হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রবীণ চাকমার লাশ উদ্ধার করেছে। অন্য লাশগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইদ্রিস। পুলিশের ভাষ্যমতে, ওই এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক অলকেশ চাকমা অভিযোগ করে বলেন, ‘আমাদের গণতান্ত্রিক রাজনীতিকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা সন্ত্রাসী কায়দায় প্রতিহত করার চেষ্টা করছেন। চার নেতা-কর্মীকে তাঁর বাহিনী খুন করেছে। যাঁরা খুন হয়েছেন তাঁরা সবাই নিরস্ত্র ছিলেন।’ জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সুজিত চাকমা ওই অভিযোগ অস্বীকার করে বলেন, জেএসএস গণতান্ত্রিক কার্যক্রমে বিশ্বাসী। জেএসএসের কোনো সশস্ত্র বাহিনী নেই। তাই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রশ্নও আসে না।রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল আলম গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, জেএসএসের হামলায় চারজন ইউপিডিএফ কর্মী মারা গেছেন। একটি লাশ উদ্ধার করা হয়েছে।জেএসএস, ইউপিডিএফ ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের এই দুই আদিবাসী রাজনৈতিক সংগঠনের মধ্যে সংঘাতে গত এক যুগে সাত শতাধিক নেতা-কর্মী খুন হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক। অপহূত হয়েছেন দেড় হাজারের বেশি।গত ছয় মাসে শুধু রাঙামাটিতে খুন হয়েছেন ১৩ জন। বর্তমান সরকারের শাসন মেয়াদের মধ্যে এ বছরের ১৯ জানুয়ারি বরকলে একজন নিহত হন। ২১ জানুয়ারি বন্দুকযুদ্ধে জুড়াছড়িতে পাঁচজন এবং কাপ্তাইয়ে একজন নিহত হন। ১২ ফেব্রুয়ারি লংগদুতে একজন নিহত হন। ২০১০ সালের ৯ জুন দীঘিনালা সড়ক ও জনপথ কার্যালয়ের মাঠে প্রতিপক্ষের হাতে খুন হন জনমিত্র চাকমা (২৫)। ওই বছরের ২৬ জুন চিত্রসেন কার্বারিপাড়ায় খুন হন সুশীল ত্রিপুরা ও বারিজা চাকমা।২০০৯ সালের ২৩ অক্টোবর খাগড়াছড়ির সারোয়াতলী ইউনিয়নের শিজক বাজারে প্রতিপক্ষের হাতে খুন হন টিপু চাকমা। ওই বছরের ১১ ডিসেম্বর মনের মানুষ এলাকায় গুলি করে হত্যা করা হয় জিতেন চাকমাকে। একই বছরের ২৭ ডিসেম্বর বড়দাম এলাকায় কুপিয়ে হত্যা করা হয় প্রদীপ চাকমাকে।এর আগে ২০০৮ সালের ১৯ আগস্ট বৈরফা গ্রাম থেকে অপহূত হন ললিত মোহন চাকমা। ওই বছরের ৪ সেপ্টেম্বর একই গ্রাম থেকে অপহরণ করা হয় জগদীশ চাকমা রণতূর্য ও লক্ষ্মীচন্দ্র চাকমাকে।২০০৭ সালের ১৬ জানুয়ারি মিলন চাকমা রিংকু, ৩০ জানুয়ারি শিশিমনি চাকমা ও ১৫ ফেব্রুয়ারি প্রীতি কুমার চাকমা প্রতিপক্ষের হাতে খুন হন।এ ছাড়া গত দু-তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা ঘটে গত বছর ১৯-২০ ফেব্রুয়ারি, খাগড়াছড়ির বাঘাইহাটে। রাজনৈতিক আধিপত্য বিস্তারের তৎপরতা নিয়ে ওই ঘটনার সূত্রপাত। পরে তা পাহাড়ি-বাঙালি ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। সেখানে দুজন নিহত হন। প্রায় ৫০০ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।এর পরপরই ২২-২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি শহরে এবং এ বছরের ১৭ ফেব্রুয়ারি লংগদুতে একই ধরনের সংঘাতের ঘটনা ঘটে।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, এই ঘটনাগুলো সব পুলিশের রেকর্ডভুক্ত। এ ছাড়া অনেক ঘটনা আছে যা পুলিশের রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি। এর মধ্যে দীঘিনালায় কয়েকটি বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে।