বরকলে যুব সমিতির নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটির বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অঙ্গসংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা বিক্রম চাকমাকে (৩৬) গত মঙ্গলবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি উপজেলা যুব সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী রত্না চাকমা বরকল থানায় হত্যা মামলা করেছেন।এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জনসংহতি সমিতি ও নিহতের পরিবার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিক্রম চাকমার বাড়ি বরকল সদর থেকে সাত কিলোমিটার দূরে লতিবাঁশছড়া গ্রামে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে একটি সশস্ত্র আদিবাসী দল তাঁর বাড়িতে গিয়ে বাইর থেকে ডাক দেয়। এ সময় বিক্রম বাড়ি থেকে বের হলে তাঁকে কর্ণফুলী নদীর কাছে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তাঁর বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে।বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গতকাল বুধবার সকালে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিকেলে বিক্রমের স্ত্রী রত্না চাকমা ইউপিডিএফের সাত সদস্যের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না।হত্যাকাণ্ডের প্রতিবাদে যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা গতকাল দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছেন। উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর বনরূপা হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়।তবে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সংগঠক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। এ ধরনের ঘটনায় তাঁদের সংগঠনের কোনো সদস্যের জড়িত থকার কথা নয়। এটা ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো কারণে হতে পারে।