বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ পৃথক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে সাময়িকভাবে বরখাস্তের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।স্থানীয় সরকারসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা) উপসচিব, সিলেটের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা) উপসচিব স্বাক্ষরিত পৃথক স্মারকে বিশ্বনাথ উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২ জুলাই বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃথক নোটিশে চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে ওই চেয়ারম্যানদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান-১ এর নিকট কার্যভার বুঝিয়ে দিতে বলেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ছয় চেয়ারম্যান গত মঙ্গলবার হাইকোর্টে পৃথক রিট করেন। আজ রিটের ওপর শুনানি হয়।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (বিশ্বনাথ সদর), সহসভাপতি শফিক উদ্দিন আহমদ (দশঘর), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ওরফে ধলা মিয়া (লামাকাজী), যুগ্ম সাধারণ সম্পাদক লিলু মিয়া (অলংকারী), দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী (দৌলতপুর), দেওকলস ইউনিয়নের সভাপতি তাহিদ মিয়া (দেওকলস) এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন সিদ্দিকী (খাজাঞ্চী)।বরখাস্ত হওয়া সাত চেয়ারম্যানের মধ্যে দশঘর ইউনিয়নের শফিক উদ্দিন আহমদ ছাড়া অপর ছয় চেয়ারম্যান রিট করেন।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার পরামর্শ অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।পরে আইনজীবী মো. নাজমুল হুদা প্রথম আলো ডটকমকে বলেন, কী কী কারণে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি। তাই ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আদালত সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন। এতে তাঁদের দায়িত্ব পালনে কোনো বাধা থাকছে না।হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা) উপসচিব মোছা. কামরুন্নাহার স্বাক্ষরিত পৃথক স্মারকে বিশ্বনাথ উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। বিএনপির ডাকা হরতালের সময় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা।ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত সোমবার বিশ্বনাথ ইউএনও এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সাত ইউপির প্যানেল চেয়ারম্যান-১-কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগ পাওয়া চেয়ারম্যানদের একজন যুবলীগের নেতা। বাকি ছয়জন আওয়ামী লীগের সমর্থক।পুলিশ সূত্র জানায়, বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২৩ এপ্রিল তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ছাত্রদল ও যুবদলের দুই নেতা-কর্মী এবং একজন রিকশাচালক নিহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। বিশ্বনাথের আট ইউপি চেয়ারম্যানসহ ১৩২ জন ও অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে গত ১৬ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে প্রশাসনের করা মামলার অভিযোগপত্রে উপজেলা বিএনপির সহসভাপতি রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার খানের নাম ছিল না। ৩০ মে আওয়ামী লীগে যোগ দেন আনোয়ার। বিশ্বনাথ বিএনপির কয়েকজন নেতা বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগে যোগ দেওয়ায় আনোয়ারকে বরখাস্ত করা হয়নি।এসব ব্যাপারে বিশ্বনাথের ইউএনও সোনা মণি চাকমা গত সোমবার প্রথম আলোকে বলেন, দুটো মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় অভিযুক্ত চেয়ারম্যানদের পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া ইউনিয়ন পরিষদ আইন ও জনস্বার্থে সমীচীন নয়। তাই তাঁদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪ (১) মোতাবেক জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিষদগুলোর প্যানেল চেয়ারম্যানকে (১) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।