বরগুনা উপকূলে আমনের উত্পাদন বৃদ্ধি, কৃষকের মনে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন আমনের উত্সব। গত তিন মৌসুমে আমনের ফলনের চরম বিপর্যয়ের পর এবার ভালো ফলন পেয়ে এ অঞ্চলের কৃষকের মনে উপচে পড়া আনন্দ। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর এবার প্রথম এ অঞ্চলের কৃষকেরা আমনের ভালো ফলন পেলেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর পোকার আক্রমণ কম হওয়ায় ও আবহাওয়া অনুকূল থাকায় এবং কৃষকদের মধ্যে জৈব সার ব্যবহারের প্রবণতা বাড়ার ফলে ধানের উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। বরগুনায় এ বছর এক লাখ ৮০৩ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। এ বছর স্থানীয় জাতের প্রতি হেক্টরে চার থেকে পাঁচ টন, উচ্চফলনশীল আমনে ছয় থেকে সাড়ে ছয় টন ও উফশী জাতের পাঁচ থেকে সাড়ে পাঁচ টন ধান ফলনের সম্ভাবনা রয়েছে, যা গত বছরের চেয়ে হেক্টর প্রতি দুই থেকে আড়াই টন বেশি। গত বছর এক লাখ ৬০৩ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছিল। ওই বছর ধান খেতে পোকার আক্রমণ ও বৈরী আবহাওয়ার কারণে ফসল উত্পাদনে কৃষকেরা চরম মার খান। সদর উপজেলার খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন হাওলাদার বলেন, ‘সিডর আর আইলায় মোগো কোমর ভাইঙা দিছিল। ধারদেনায় এক্কেবারে জর্জরিত অইয়্যা গেছিলাম। এই যে ফলন পাইছি তাতে একটু খাড়াইতে পারমু বইল্লা মোনে অয়।’ আমতলী উপজেলার বগী ইউনিয়নের বর্গাচাষি সুলতান হোসেন (৪৫) বলেন, ‘গত বছর ছয় একর জমিতে ব্রি-৪৪ জাতের আমন আবাদ করে ফসলে মার খেয়ে ঋণগ্রস্ত হইছিলাম। এ বছর পোকামাকড়ের আক্রমণ ছিল না, তা ছাড়া আবাদি জমিতে জৈব সার ব্যবহার করায় ফসল উত্পাদন ভালো হয়েছে।’সদর উপজেলার সোনাখালী গ্রামের কৃষক আমির হোসেন (৫৫) বলেন, ‘এ বছর ফলন ভালো। আশা করছি, গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারব।’ বরগুনা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ইউনুস আলী মাতুব্বর জানান, এ বছর ধানের উত্পাদন ভালো। গত দুই বছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে এবার কৃষকেরা অনেকটা ঘুরে দাঁড়াতে পারবেন। গত বছরের তুলনায় এবার উত্পাদন প্রায় দেড়গুণ বেশি। কৃষকদের উচিত, এ বছরে উত্পাদিত স্থানীয় জাতের ধান পরবর্তী বছরের জন্য যথাযথভাবে সংরক্ষণ করা, এতে তাদের বীজ-সংকট থাকবে না।