বরগুনায় হরতালে পুলিশের বাধা, আটক ১৮
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে আজ রোববার সকাল থেকেই বরগুনা জেলা বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ। নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ ছাড়া গতকাল শনিবার থেকে আজ বিকেল তিনটা পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১৮ জনকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বেশ কয়েকবার বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে বরগুনা জেলা বিএনপি কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের নেতা-কর্মীরা সদর রোডে একটি মিছিল বের করলে পুলিশ প্রেসক্লাবের সামনে তাঁদের বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। সকালে শহরের বটতলা এলাকায় হরতালের পক্ষে মিছিল করতে চাইলে পুলিশ সেখান থেকে ছাত্রশিবিরের বরগুনা সরকারি কলেজ শাখার সভাপতি আবু জাফর, উপজেলা শাখার নেতা মো. জাকারিয়া ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কর্মী মো. জহিরকে আটক করে। বরগুনা সদর থানায় পাঁচজন, পাথরঘাটা থানায় পাঁচজন, আমতলী থানায় চারজন এবং তালতলী থানায় চারজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।