বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত, র্যাব ও পরিবারের দুই রকম দাবি
বরগুনার পাথরঘাটা উপজেলার চর দুয়ানি এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে র্যাব ও কোস্টগার্ডের সদস্যদের ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে।র্যাবের দাবি, নিহত দুজনের নাম আফজাল হোসেন (৩৫) ও ফারুক সরদার (২৮)। তাঁরা জলদস্যু।তবে দুই নিহতের পরিবারের দাবি, আফজাল ও ফারুক কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁরা জেলে এবং সাগরে মাছ ধরতেন।র্যাবের ভাষ্য, গতকাল রাত সাড়ে তিনটার দিকে পাথরঘাটার তাফালবাড়িয়া এলাকায় বলেশ্বর নদে র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে টহল দিচ্ছিলেন। এ সময় একটি ট্রলারে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁরা তাঁদেরকে চ্যালেঞ্জ করেন। ট্রলারে থাকা লোকজন র্যাব-কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তাঁরাও পাল্টা গুলি চালালে ওই দুই ব্যক্তি নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান,দুটি রামদা উদ্ধার করা হয়।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে নিহত দুজনের লাশ স্থানীয় চর দুয়ানি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। পরে লাশ দুটি আফজাল ও ফারুকের বলে শনাক্ত করা হয়।