বরগুনার বিচারিক আদালতে বিচারক-সংকট চরম আকার ধারণ করেছে। জেলা জজ ও বিচারিক হাকিম আদালতের ১৮টি বিচারক পদের মধ্যে সাতটি খালি থাকায় বিচার-কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছেন বিচারকেরা। জানা গেছে, বর্তমানে জেলা জজ আদালতের বিভিন্ন শাখায় ফৌজদারি ও দেওয়ানি মিলিয়ে প্রায় ১৯ হাজার মামলা বিচারাধীন। জেলা জজ আদালত সূত্রে জানা গেছে, বরগুনা জেলা ও দায়রা জজ শাখার নয়টি পদের মধ্যে অতিরিক্তি জেলা জজ, সহকারী জেলা জজ বেতাগী, সহকারী জেলা জজ আমতলী পদ তিনটিতে কোনো বিচারক নেই।মুখ্য বিচারিক আদালত শাখায় অতিরিক্ত বিচারিক হাকিমের পদ চারটি শূন্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন বিচারিক আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন, যার মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে সাত হাজার ২০৪টি এবং ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে এক হাজার ৬৬টি মামলা বিচারাধীন। গড়ে প্রায় প্রতিদিন এক হাজার থেকে মামলার শুনানি করতে গিয়ে পালা করে দায়িত্ব পালন করতে হচ্ছে বিচারকদের। এ অবস্থায় বিচারকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি বিচারপ্রার্থীদেরও মাসের পর মাস ধরনা দিতে হয় আদালত প্রাঙ্গণে।বরগুনার মুখ্য বিচারিক হাকিম আ রব হাওলাদার বলেন, বরগুনা জেলা ও দায়রা জজ শাখার নয়টি পদের মধ্যে চারটি এবং বিচারিক আদালতে নয়টি পদের মধ্যে চারটি শূন্য থাকায় প্রত্যেক বিচারককে তিনটি করে আদালত চালাতে হয় প্রতিদিন। ফলে মামলার জট ও দীর্ঘসূত্রতা বাড়ছে। বিচারকেরা অতিরিক্ত সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। এ ছাড়া এজলাস-সংকটের কারণে একই ভবনে দুটি বিচারিক আদালতের কার্যক্রম চালাতে হচ্ছে।বিচারপ্রার্থী বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামের আ. ছালাম জানান, একাধিকবার শুনানির তারিখ পরিবর্তন করার ফলে বছরের পর বছর আদালত প্রাঙ্গণে তাঁদের ধরনা দিতে হচ্ছে। ফলে একদিকে যেমন টাকা খরচ হয়, অন্যদিকে নানা রকমের ভোগান্তি পোহাতে হয়। অপর একজন বিচারপ্রার্থী বলেন, ‘একটি ফৌজদারি মামলায় চার্জ শুনানির জন্য দেড় বছর ধরে আদালত প্রাঙ্গণে ধরনা দিচ্ছি। কিন্তু প্রতি তারিখেই সময় বাড়ানোর ফলে এখন অনেকটাই বিরক্ত আমরা।’ আরেক বিচারপ্রার্থী বলেন, ‘মাসে দুইবার করে সাক্ষীদের অনেক টাকা খরচ করে আদালতে হাজির করি। কিন্তু সাক্ষীদের সাক্ষ্য হয় না বলে ভোগান্তির শেষ থাকে না। এতে সাক্ষীরাও এখন বিরক্ত।’ বরগুনা জজ আদালতের তরুণ আইনজীবী দারুল ইসলাম বলেন, বিচারক ও এজলাস-সংকটের কারণে মামলায় দীর্ঘসূত্রতা বাড়ছে। অনেক মামলাই মাসের পর মাস শুনানি পিছিয়ে যাচ্ছে। ফলে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে মানুষকে আদালতে ঘুরতে হচ্ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া বলেন, আদালতে মানুষ আসে ন্যায়বিচার পাওয়ার জন্য, কিন্তু সেখানে প্রতিকার পেতে মাস ও বছরের পর বছর ঘুরতে হলে সাধারণ বিচারপ্রার্থীরা আইন-আদালতের ওপর আস্থাহীন হয়ে পড়ে। তিনি বলেন, বিচারক-সংকটে বর্তমানে বরগুনার বিভিন্ন আদালতে মামলার জট তৈরি হয়েছে। এ ছাড়া এজলাস-সংকট বিচারকার্যে বড় ধরনের একটি বাধার সৃষ্টি করছে। এসব সমস্যা অচিরে দূর না হলে মামলার জট দীর্ঘ হবে বলে তিনি আশঙ্কা করছেন। যোগাযোগ করা হলে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিচার ও ভবন সমস্যার ব্যাপারে অচিরেই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করা হবে সরকারের কাছে।’