বরগুনার আমতলী ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
বরগুনার আমতলী উপজেলা ঈদগাহ মাঠে একই স্থানে ইসলামী আন্দোলন ও যুবলীগ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ঈদগাহ মাঠ ও সংলগ্ন এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।১৪৪ ধারা জারির পরে ইসলামী আন্দোলনের জনসভা বাতিল হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মো. রেজাউল করিম আমতলীর কর্মসূচি বাতিল করে বরিশাল ফিরে গেছেন। ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সভাপতি মো. শাহ আলম তালুকদার বলেছেন, ‘১৪৪ ধারা জারি হওয়ায় আমাদের দলের আমির কর্মসূচি বাতিল করে বরিশাল ফিরে গেছেন। জনসভা করার জন্য আমরা পৌর মেয়রের অনুমতি নিয়েছি। যুবলীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের জনসভা পণ্ড করে দিয়েছে।’এদিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জি এম হাসান বলেন, ‘জঙ্গিবাদ ও ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে জনসভা ডেকেছিলাম।’জানা গেছে, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখা আজ বিকেলে ঈদগাহ মাঠে জনসভা আহ্বান করে। ওই সভায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর ফজলুল করিমকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। কয়েক দিন ধরে আমতলী শহর ও গ্রামাঞ্চলে এ নিয়ে মাইকিং করা হয়। এদিকে আমতলী উপজেলা যুবলীগ একই স্থানে সভা আহ্বান করলে আমতলী উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঈদগাহ মাঠের চারপাশে ১৪৪ ধারা জারি করেছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মশিউর রহমান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।