বরগুনার গাইনি বিশেষজ্ঞকে বদলি করায় মানববন্ধন
বরগুনা সরকারি জেনারেল হাসপাতালের গাইনি (প্রসূতি ও স্ত্রীরোগ) বিভাগের বিশেষজ্ঞসহ তিনজন চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহার এবং শূন্য পদে চিকিৎসক ও সেবিকা নিয়োগের দাবিতে বরগুনার সচেতন নাগরিকেরা জেলা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করাসহ মানববন্ধন কর্মসূচি পালন করেন। গতকাল রোববারের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, প্রধানমন্ত্রী জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় ঘিরে এ কর্মসূচি চলে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বরগুনা জেলায় স্বাস্থ্যসেবার মান খুবই খারাপ। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বলতে কিছু নেই। জেনারেল হাসপাতালে ২১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন নয়জন। এর মধ্যে গত সপ্তাহে তিনজনকে বদলি করা হয়েছে। তিনজন চলে গেলে ছয়জন চিকিৎসক দিয়ে ১০০ শয্যার হাসপাতাল কীভাবে চলবে, তা বিবেচনা না করেই বদলি করা হয়েছে। কর্মসূচির আয়োজকেরা বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। তাঁরা একই সঙ্গে শূন্য পদে চিকিৎসক ও সেবিকা নিয়োগ দেওয়ার দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে বরগুনার জনসভায় জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। গতকালের কর্মসূচি থেকে সেই ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়।কর্মসূচিতে বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন কামাল, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, মানবাধিকার সংগঠক জাকির হোসেন মিরাজ, চ্যানেল আইয়ের স্থানীয় প্রতিনিধি হাসানুর রহমান, শ্রমিক ফেডারেশনের নেতা ইউনুস আলী হাওলাদার, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা বলা হয়।জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, জেলায় একজন মাত্র গাইনি বিশেষজ্ঞ, তিনি আকবর হোসেন। আকবর হোসেন ও জরুরি বিভাগের দুজন চিকিৎসা কর্মকর্তাকে গত সপ্তাহে বদলি করা হয়েছে। একজন চলে গেছেন, বাকি দুজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর হাসপাতালে চিকিৎসক থাকবেন ছয়জন। তাঁদের একজন কয়েক দিনের মধ্যে অবসরে যাবেন, দুজন শারীরিকভাবে অসুস্থ। তিনি বলেন, ‘এখন আমরা যে কী করব, ভেবে পাচ্ছি না। বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসক না থাকায় এমনিতেই প্রতিদিন ৪০০-৫০০ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি।’বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, আকবর হোসেন জেলায় একমাত্র গাইনি বিশেষজ্ঞ। তিনি চলে গেলে এ জেলায় প্রসূতিদের চিকিৎসা বলতে আর কিছু থাকবে না। তিনি জানান, বদলির আদেশ স্থগিত করার চেষ্টা করছেন তিনি।