বরগুনার পানচাষিরা সর্বস্বান্ত ১৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বরজের পান বেচি, হেই দিয়া মোগো সংসার চলে। বাইরে আর কোনো জমি-জিরাত নাই। কিন্তু এহন কী দিয়া সংসার চালামু, আর ক্যামনে যে এনজিওর কিস্তি দিমু, কইতে পারি না। বানের জলে মোগো কপাল পুইড়্যা গ্যাছে।’ বরগুনা সদর উপজেলার ছোট বদরখালী গ্রামের পানচাষি রমেশ চন্দ্র (৪৫) সাম্প্রতিক জলোচ্ছ্বাসে তাঁর পানের বরজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এভাবেই দুর্দশার কথা বর্ণনা করেন।একইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসার কথা জানান সদর উপজেলার গৌরীচন্না গ্রামের তোতা মিয়া, জাফর, গৌরাঙ্গ; ছোট বদরখালী গ্রামের সুনীল, সুখরঞ্জন, হরেকৃষ্ণ; খাজুরতলা গ্রামের মিলন, আবুল, শিশির, বাসুদেব; কুমড়াখালীর মাখন, নিরঞ্জন, যতীন্দ্র; লাকুরতলার তারক, সিরাজ; সরিষামুরীর প্রভাত, সুশীল; আমতলী গ্রামের দুলাল; বালিয়াতলীর কুদ্দুস, মিন্টু; ইটবাড়িয়ার সুধীর; গিলাতলীর জাফর; নলটোনার গোপাল; পচাকোড়ালিয়ার অনিতা এবং ফালিসাতলীর বারেক ও সুধীরসহ কয়েক শ পানচাষি।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৩৩১ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। প্লাবনে ১০৮ হেক্টর পানের বরজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ১৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত রমেশ জানান, তিনি আহছানিয়া মিশন, গ্রামীণ ব্যাংকসহ স্থানীয় সমিতি ও মহাজনদের কাছ থেকে দুই লাখ টাকা ঋণ এনে ৫০ শতক জমিতে পান চাষ করেন। পানের বরজে ফলন আসতে শুরু করেছিল। গত ৭, ৮ ও ৯ অক্টোবর স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট পানি বৃদ্ধি পাওয়ায় পানের বরজসহ তাঁর সবজির খেত তলিয়ে যায়। এখনো পানি রয়েছে তাঁর পানের বরজের মধ্যে। এদিকে রোদের তাপে পানের লতা শুকিয়ে মরে যাচ্ছে। একই গ্রামের পানচাষি সুখরঞ্জন বলেন, ‘এনজিও ও ব্যাংকের ঋণ শোধ করতে জমিজমা সব শেষ করে ভিটাবাড়িতে ৩০ শতাংশ জমিতে পানের চাষ করি। ভালোই ছিলাম, হঠাৎ বর্ষার পানি সব ভাসাইয়া লইয়া গেল। এখন মরণ ছাড়া উপায় নাই।’বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘জেলার কৃষি বিভাগের ক্ষয়ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার বিষয়টি বিবেচনাধীন আছে।’