স্লুইসগেট না থাকায় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ১২ হাজার একর (পাঁচ হাজার হেক্টর) ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের মোহনায় বিষখালী নদী তীরবর্তী নলটোনা ইউনিয়নের আগাপদ্মা, গোড়াপদ্মা, মধ্যপদ্মা, গর্জনবুনিয়া, শিয়ালিয়া, কুমিরমারা এবং গাজীমাহমুদ পাশাপাশি সাতটি গ্রাম। বিষখালী নদীর পারের এই গ্রামগুলোয় পানি নিষ্কাশনের জন্য কোনো স্লুইসগেট বা বিকল্প ব্যবস্থা না থাকায় স্বাভাবিক জোয়ারেও পুরো এলাকার ফসলি জমি প্লাবিত হয়। আর বর্ষা মৌসুমে নদ-নদীতে পানির চাপ বেশি থাকায় এ সময় পানি ওঠা-নামা করতে পারে না। অন্যদিকে, চাষাবাদ মৌসুমের শুরুতে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে নদ-নদীতে লবণ আসায়, তা খুব সহজেই এসব এলাকায় প্রবেশ করে। ফলে কৃষকেরা যথাসময়ে জমি চাষ করতে পারে না। পদ্মা গ্রামের কৃষক নলিনী হাওলাদার বলেন, ‘কয়েক বছরে জমিতে তেমন ফসল পাই না। আগে এক একরে ২৫ থেকে ৩০ মণ ধান পাইতাম, এখন সেখানে ১০ থেকে ১৫ মণও পাই না। লবণ পানি ওডায় বাড়তি ফসল বুনমু হেইয়্যাও পারি না। বছরে একটা ফসলের বেশি চাষ করতে পারি না। হারা বছর কষ্ট কইর্যা যে ধান পাই হেইয়্যা দিয়া সোংসার চলে না।’ গাজীমাহমুদ গ্রামের জব্বার মিয়া বলেন, ‘জমি চাষ কইর্যা এহন বাঁচনের উপায় নাই। পোলাপান লইয়্যা না খাইয়্যা মরণের জোগাড় অইছে মোগো। মানুষের ধারে জমি লাগামু (বন্ধক) হেইয়্যাও কেউ রাখতে চায় না, সব জমি নুনে ছাইয়্যা গ্যাছে। দাম কয় অর্ধেক। এই হানে একটা স্লুইসগেট না করলে মোগো না খাইয়্যা মরণ ছাড়া কোনো উপায় থাকপে না।’ একই ধরনের কথা বলেন এলাকার আবুল বাশার।নলটোনা গ্রামের নিতাই হাওলাদার বলেন, ‘পানি নিষ্কাশনের সমস্যায় প্রতিবছর আমরা ঠিকমতো চাষাবাদ করতে পারি না। আমরা দিন দিন শেষ হয়ে যাচ্ছি। আমরা এই এলাকায় একটি স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে, কিন্তু কোনো ফল পাচ্ছি না। এটা এখন আমাদের বাঁচা-মরার সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’নলটোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ‘এই সাত গ্রামের বিপুল পরিমাণ জমিতে (১২ হাজার একরের বেশি) বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব গ্রামে অবাধে জোয়ারের সঙ্গে লবণ পানি ঢুকে পড়ে। এতে এলাকার চাষাবাদ ও ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি লবণাক্ততার মাত্রা বেড়ে জমির উর্বরাশক্তি নষ্ট হচ্ছে। গোড়াপদ্মা এলাকায় একটি স্লুইসগেট নির্মাণের জন্য এলাকাবাসীর দাবি অনেক দিনের। আমি একাধিকবার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানিয়েছি। তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।’পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ‘সমস্যার কথা আমি শুনেছি। তবে ওই এলাকায় স্লুইসগেট করতে অনেক অর্থের প্রয়োজন। আমাদের ইচ্ছা থাকলেও আর্ির্থক বিষয়টি এখানে মুখ্য। সরেজমিনে এলাকা পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করব। তারপর প্রয়োজন হলে সেখানে স্লুইসগেট নির্মাণের জন্য অর্থ চেয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করব।’