বরগুনার ১০ হাজার প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন
অবহেলায় বরগুনার প্রায় ১০ হাজার প্রতিবন্ধী মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে আবার বিদ্যালয়ে গমনোপযোগী শিশু ও প্রাপ্ত বয়স্ক লোকজন আর্থিক অনটন ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার সুযোগ পাচ্ছেন না। ফলে প্রতিবন্ধী শিশু-কিশোরেরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এসব কারণে পারিবারিক পরিমণ্ডলে প্রতিবন্ধীদের মানসিক কষ্ট নিয়ে জীবন কাটাতে হচ্ছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরগুনা জেলায় বর্তমানে সনদধারী প্রতিবন্ধী রয়েছে প্রায় ১০ হাজার। এর মধ্যে প্রায় অর্ধেকই রয়েছে শিশু-কিশোর।তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে জেলায় প্রতিবন্ধীর সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ। এর মধ্যে বরগুনা সদর উপজেলার পৌর শহরেই রয়েছে প্রায় ৮০০ নারী-পুরুষ ও শিশু প্রতিবন্ধী। এ ছাড়া সদর উপজেলার অন্য ১০টি ইউনিয়নের প্রতিটিতে গড়ে ৯০০ করে প্রায় নয় হাজার প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সনদধারী প্রতিবন্ধী রয়েছে মাত্র ৭০৩ জন। স্থানীয় বেসরকারি সংস্থা এসএসডিপি সূত্রে এ তথ্য জানা গেছে।জেলা সমাজসেবা অধিদপ্তরের সূত্র জানায়, ২০০৮ সালের জানুয়ারি মাসে প্রতিবন্ধীদের ওপর এক জরিপের ফলাফলে দেখা গেছে, বরগুনা সদর উপজেলায় সনদধারী প্রতিবন্ধীর সংখ্যা ছিল মাত্র ১৭, যা ২০০৯ সালের জানুয়ারিতে উন্নীত হয়েছে ৭০৩-এ।সমাজসেবা অধিদপ্তরের সূত্রটি আরও জানায়, বর্তমানে জেলায় দুই হাজার সাতজন অসচ্ছল প্রতিবন্ধীকে মাসিক ৩০০ টাকাসহ করে এবং ১৬৪ জন প্রতিবন্ধীকে শিক্ষাভাতা দেওয়া হচ্ছে। শিক্ষাভাতাপ্রাপ্ত প্রতিবন্ধীদের মধ্যে প্রাথমিক স্তরে মাসিক ৩০০ টাকা করে ৭৩ জন শিশু, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা করে ৩১ জন শিশু এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা করে পাচ্ছেন আটজন শিক্ষার্থী। এ ছাড়া উচ্চতর শ্রেণীতে ছয়জনকে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। তবে এই ভাতা প্রয়োজনের তুলনায় খুব কম হওয়ায় প্রতিবন্ধী অনেক শিশু-কিশোর পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন বিদ্যালয় ও কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কোনো সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষা গ্রহণে তাঁরা নিরুৎসাহিত হচ্ছেন। বরগুনা শহরের ডিকেপি রোডে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত অন্ধ শিশুদের সমন্বিত শিক্ষাকার্যক্রমের আওতায় ১০ আসনের একটি ছোট ভবনে শিশুদের শিক্ষা দেওয়ার কার্যক্রম ছাড়া জেলায় প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো বিদ্যালয় নেই। ১০ আসনের এই ভবনে একজন মাত্র গৃহশিক্ষক রয়েছেন। তিনি অন্ধ শিক্ষার্থীদের পড়াশোনা করান।সম্প্র্রতি সেখানে গিয়ে জানা যায়, একজন গৃহশিক্ষক শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনার কাজ চালাতে গিয়ে হিমশিম খান। কারণ, তাঁকে পাঠদানের পাশাপাশি এই প্রতিষ্ঠান পরিচালনা, দৈনন্দিন বাজার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া করাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে হয়। এখানের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র হাসিব বলে, খাবারের মান তেমন ভালো নয়। একজন শিক্ষক দিয়ে তাদের পড়াশোনা ঠিক মতো হয় না। আরও একজন শিক্ষক হলে ভালো হতো বলে মনে করে সে। অন্যদিকে, জেলা সদরে দুটি সরকারি উচ্চবিদ্যালয় ও দুটি সরকারি কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাফেরার উপযোগী রাস্তা ও সিঁড়ি এবং পাঠদানের জন্য আলাদা কোনো শিক্ষক ও পাঠদানের পদ্ধতি না থাকায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে স্থানীয় বেসরকারি সংস্থা এসএসডিপির নির্বাহী পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। বর্তমানে এই অংশটি ক্ষুদ্র নয়। কারণ, এখন মোট জনগোষ্ঠীর ১০ শতাংশই হচ্ছে প্রতিবন্ধী।’ তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের মানবসম্পদে রূপান্তরের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা দরকার।হাবিবুর রহমান বলেন, যে হারে প্রতিবন্ধীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, তাতে বরগুনায় আলাদাভাবে প্রতিবন্ধীদের কল্যাণে আলাদা বিদ্যালয় গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি বিদ্যালয় ও কলেজগুলোতে প্রতিবন্ধীদের চলাফেরা ও পাঠদানের জন্য আলাদা ব্যবস্থা থাকা দরকার। তিনি বলেন, ‘আমি নিজেও একজন প্রতিবন্ধী। আমি বুঝি একজন প্রতিবন্ধীর শিক্ষা গ্রহণে কতটা প্রতিবন্ধকতা।’জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আ. মান্নান প্রথম আলোকে বলেন, সংখ্যাগত দিক থেকে জেলায় প্রতিবন্ধীর সংখ্যা আরও বেশি হতে পারে। তবে প্রতিবন্ধীদের শিক্ষার ব্যাপারে আরও সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে সরকারের নজর রয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধীরা এমনিতেই পরিবারে বোঝা হওয়ায় মানসিকভাবে অনেকটা দুর্বল থাকে, এ ক্ষেত্রে তাদের শিক্ষার সুযোগ করে দিতে পারলে তারা হয়তো মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং আয়-রোজগার করতে সক্ষমতা অর্জন করতে পারে। এতে পরিবারে ও সমাজে তাদের মর্যাদা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তিনিও স্বীকার করেন, জেলায় যে পরিমাণ শিক্ষা ও অসচ্ছলভাতা দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।