বরগুনার ১৫ রুটে খেয়া পারাপারে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার কমপক্ষে ১৫টি রুটে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক খেয়া পার হচ্ছে। ইঞ্জিনচালিত এসব ছোট্ট খেয়া নৌকায় ১২-১৫ জন লোকের ধারণক্ষমতা থাকলেও সেখানে ৫০-৬০ জন লোক নিয়ে উত্তাল নদী পারাপার করছে। ফলে প্রায়ই এসব খেয়া দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানি ঘটছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার মধ্যে একমাত্র বেতাগী ছাড়া সব উপজেলা থেকে জেলা সদর, এমনকি অন্যান্য এলাকায় যাতায়াতের জন্য নদী পারাপার হতে হয়। আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বরগুনা সদরে এ রকম ১৫টি ঝুঁকিপূর্ণ খেয়া রয়েছে। এর মধ্যে কাকচিঁড়া-গুলিশাখালী, গোলবুনিয়া-পচাকোড়ালিয়া, বগী- চালিতাতলী, বদনীখালি-বামনা, আমতলী-পুরাকাটা, কালমেঘা-বান্দরগাছিয়া, মোকামিয়া-কাঁঠালিয়া, নিশানবাড়িয়া-পাথরঘাটা, বরইতলা-বাইনচটকি, লতাকাটা-ছোটবগী, আয়রা-গুলিশাখালী, ফুলঝুরি-রামনা স্লুইস, বেতাগী-সৌলজালিয়া ও বেতাগী-কচুয়া রুটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বৈশাখ মাসের শুরুতে বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা-বিষখালী নদী ভয়ংকর রূপ ধারণ করে এবং তা আশ্বিন মাস পর্যন্ত অব্যাহত থাকে। জানা গেছে, ২০০২ সালের এপ্রিল মাসে পায়রা নদীতে লতাকাটা-বড়বগী খেয়া ডুবিতে চার যাত্রীর মৃত্যু হয়। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ২০০৯ সালের মাঝামাঝি বরগুনার বরইতলা এলাকার বিষখালী নদীর খেয়া ডুবিতে কোনো প্রাণহানি না হলেও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। ২০০১ সালের ৩০ নভেম্বর নিশানবাড়িয়ায় খেয়া ডুবে মারা যান নূরুল ইসলাম সিকদার ও শহিদ নামে দুই যাত্রী। চলতি বছরের ২০ এপ্রিল নিশানবাড়িয়ায় খেয়া ডুবে অল্পের জন্য রক্ষা পায় অর্ধশত যাত্রী। স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গত ১০ বছরে নিশানবাড়িয়া-পাথরঘাটা খেয়া ডুবে মারা গেছে কমপক্ষে পাঁচজন যাত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পুরাকাটা-আমতলী খেয়া ডুবে ছয়টি মহিষ মারা যায়। বরগুনা জেলা পরিষদের ইজারা শাখার অফিস সহকারী মো. হারুন অর রশিদ জানান, জেলা পরিষদের আওতায় বর্তমানে ২০টি খেয়াঘাট রয়েছে। এ বছর এসব খেয়াঘাটের মধ্যে নয়টি ইজারা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১১টি ঘাট ইজারার জন্য ছয়বার দরপত্র আহ্বান করেও নির্ধারিত মূল্য না পাওয়ায় ইজারা দেওয়া যায়নি। কারণ, এবার জনপ্রতি খেয়াভাড়া আগের ছয় টাকার স্থলে কমিয়ে চার টাকা করায় এ বিপত্তি হয়েছে। ইজারার শর্তে প্রতি ৩০ মিনিট পরপর খেয়া ছাড়ার নিয়ম, এতে লোক যদি দুজনও হয় তবুও খেয়া ছাড়তে হবে। প্রথম শ্রেণীর পাথরঘাটা-নিশানবাড়িয়া খেয়া এবার ২৬ লাখ টাকায় ইজারা নেন স্থানীয় বেলাল হোসেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত থাকলেও যাত্রীদের জনপ্রতি ৬-১০ টাকা ও মোটরসাইকেলপ্রতি ২৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া খেয়ায় ধারণক্ষমতা ২০ জন হলেও সেখানে অর্ধশত বা তারও অধিক যাত্রী বহন করা হচ্ছে।এ পথে চলাচলকারী যাত্রী এনজিওকর্মী শামীম বিশ্বাস বলেন, ‘ছোট্ট নৌকায় ১৫-২০ জন যাত্রী উঠলেই তিলধারণের ঠাঁই থাকে না। সেখানে ৪০-৫০ জন যাত্রী ও পাঁচ-সাতটি মোটরসাইকেল পরিবহন করায় উত্তাল বিষখালী নদী পার হওয়ার সময় জানে পানি থাকে না। মাঝনদীতে গেলে যাত্রীরা দোয়া-দরুদ পড়তে থাকে।’ বামনা-বদনীখালী রুটের আরেক যাত্রী আলতাফ হোসেন জানান, জেলা পরিষদ বছরে একবার ইজারা দিয়েই দায়িত্ব শেষ করে। এসব খেয়াঘাটে কী হচ্ছে-না হচ্ছে তা তদারকি করার কোনো ব্যবস্থা নেই। ইজারাদার বেলাল জানান, ইজারার মূল্য বেড়ে যাওয়ায় তাঁরা অনেক সময় অতিরিক্ত যাত্রী পরিবহনে বাধ্য হন। বেশি যাত্রী না নিলে তাঁদের পোষায় না। এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকারী বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে আমি খোঁজ নেব এবং অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’