বরগুনায় চারটি বোমা উদ্ধার
পুলিশ আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বরগুনার আমতলী উপজেলার আমতলী-কলাপাড়া সড়কে ছুঁড়িকাটা গ্রামের একটি বাড়ির টয়লেটের চালার ওপর থেকে লাল স্কচটেপ মোড়ানো চারটি বোমা উদ্ধার করেছে। ওই গ্রামের বাসিন্দা আবদুল জলিলের বাড়ির টয়লেটের চালার ওপর একটি বাজারের ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করা হয়। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) জলিল জানান, আজ সকাল আটটার দিকে জলিলের স্ত্রী নাজমা বেগম বাড়ির টয়লেটের চালার ওপর একটি বাজারের ব্যাগ দেখতে পেয়ে তাঁর স্বামীকে ডাকেন। পরে সেটি নামিয়ে তার ভেতর লাল টেপ দিয়ে মোড়ানো পাঁচটি বোমাসদৃশ বস্তু এবং একটি কাঁচি দেখতে পান। একপর্যায়ে একটি বোমা বিস্ফোরিত হয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন ফকিরকে জানালে তিনি আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে যায় এবং পুরো এলাকা ঘিরে রাখে। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) জলিল জানান, বস্তুগুলো বোমা বলে নিশ্চিত হওয়া গেছে।র্যাব-৮ এর বোমা বিশেষজ্ঞ মেজর মোখলেসুর রহমান বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য পানিতে ডুবিয়ে রেখেছেন।প্রসঙ্গত, আজ দুপুর দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার সার্কিট হাউস মাঠে ন্যাশনাল সার্ভিস উদ্বোধন উপলক্ষে এক জনসভায় বক্তৃতা দেবেন।