বরগুনায় ঝোড়ো বাতাসে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
লঘুচাপের প্রভাবে বরগুনায় আজ শুক্রবারও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এমন ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের কাছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জসংলগ্ন মেহেরকিল্লা এলাকায় একটি ট্রলার ডুবে যায়। আজ ট্রলারটির তিনজন জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ট্রলারটির পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। জানা যায়, গতকাল সন্ধ্যায় শরণখোলা রেঞ্জসংলগ্ন মেহেরকিল্লা এলাকায় এফবি আল্লার দান নামের ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ হওয়া পাঁচজন জেলের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায়। তঁাদের তিনজনের নাম জানা গেছে। তঁারা হলেন, পনু মিয়া, লতিফ খান ও খোকন। উদ্ধার হওয়া তিন জেলে রাসু মিয়া, সাকায়েত ও সোলায়মানকে উদ্ধৃত করে ট্রলারের মালিক মরিয়ম বেগম আজ জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝোড়ো হাওয়ায় ট্রলারটি ডুবে যায়। আজ অন্য একটি ট্রলারের জেলেরা এই তিনজন জেলেকে উদ্ধার করেন। এদিকে জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দিন আহাম্মদ আজ জানান, লঘুচাপে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে।