বরগুনায় তিনটি ইউপি নির্বাচন স্থগিত, ১৪৪ ধারা জারি
বরগুনায় পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে অব্যাহত সংঘর্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।ইউনিয়ন তিনটি হলো চরদুয়ানী, পাথরঘাটা সদর ও কাঁঠালতলী। ২৯ মার্চ এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ রোববার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো নির্বাচন কমিশনের উপসচিব মিহির সরোয়ার মোর্শেদ স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।একই সঙ্গে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী জনসভায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে সারা দিন পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নে বিএনপির সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ উদ্দীন আহম্মদের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৪০ জন আহত হন।র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে পার্শ্ববর্তী ইউনিয়ন কাঁঠালতলীতে বিএনপির সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান ও আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শহিদুল ইসলামের ভাই বাদশা মিয়া ও খালেক খলিফা নামের দুই ব্যক্তি আহত হন। তাঁরা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।এ ছাড়া বরগুনা সদরের বুড়িরচর, বরগুনা সদর ও কেওড়াবুনিয়া ইউনিয়নেও গত তিন দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারি ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এসব ইউনিয়নে ভোটারদের মধ্যে ভীতি বিরাজ করছে। এসব কারণেই আজ ওই তিন ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হতে পারে—এমন আশঙ্কায় নির্বাচন কমিশন ওই তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।