বরগুনায় পানির ট্যাংকের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
বরগুনায় মাটির নিচে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে বাবুল সরকার (৩০) ও বিপুল দাস (৩০) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। আজ বুধবার সকালে শহরের ডিকেপি রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে বাবুল ও বিপুল শহরের ওই বাড়িতে পানির ট্যাংক পরিষ্কার করতে যান। প্রথমে বাবুল ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে নামে। অনেক সময় পার হলেও তাঁর কোনো সাড়া না পেয়ে বিপুলও ট্যাংকের ভেতরে নামেন। এরপর ২০-২৫ মিনিট পার হলেও দুজনের কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয়। তাঁরা ফায়ার সার্ভিসে খবর দিলে আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতরে তাঁদের মৃত অবস্থায় দেখতে পান। পরে পায়ে রশি বেঁধে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।বরগুনা জেনারেল হাসপাতালে চিকিত্সা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম জানান, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে শ্বাস রুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।