বরগুনায় বাজারে আগুনে পুড়ে গেছে ১১০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে আগুন লেগে ১১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বরগুনা, আমতলী ও পটুয়াখালীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চান্দখালী বাজারের পূর্ব মাথায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ওষুধের দোকান, প্রসাধনীর দোকান, তেলের দোকান, কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, মোবাইল ফোনের দোকানসহ ১১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।অগ্নিকাণ্ডের ঘটনার পর বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল আলীম, বেতাগী উপজেলা চেয়ারম্যান গোলাম কবির, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সোবহান আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।বেতাগী উপজেলা চেয়ারম্যান গোলাম কবির জানান, ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ১৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল, তেল, লবণ ও প্রয়োজনীয় কাপড় সহায়তা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল আলীম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে।