বরগুনায় বাস উল্টে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কে আজ শুক্রবার সকালে যাত্রীবাহী বাস উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। নিহত শিশুর নাম মনি (৭)। সে উপজেলার গর্জনবুনিয়া গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে শরীফ পরিবহনের একটি বাস বরগুনা থেকে নিশানবাড়িয়া যাচ্ছিল। পথে গাজী মাহমুদ গ্রামের আলোক দ্বীপ গ্রামীণফোন সাইক্লোন শেল্টারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গেলে মনির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় মনির মা ডালিম (৩৫) ও অপর এক বোন মুক্তাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত বাসযাত্রী নিশানবাড়িয়ার সাইফুল ইসলাম সবুজ জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাই বাসটি দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া চালক লিটন দীর্ঘক্ষণ ধরে পাশের সিটে বসা এক নারী যাত্রীর সঙ্গে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিলেন। একসময় সামনে একটি ছাগল পড়লে চালক দ্রুত ব্রেক কষলে বাসটি উল্টে যায়।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।