বরগুনায় বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার
বরগুনায় পৈতৃক ঘরের ভাগবাটোয়ারা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলার আমতলী-নিমতলী গ্রামে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বড় ভাইকে হত্যার অভিযোগে প্রতিবেশীরা ছোট ভাই নূরুল ইসলামকে আটক করে বরগুনা থানায় সোপর্দ করেছে। নিহতের নাম আবুল হোসেন (৫৫)। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আবুল হোসেনের চাচাতো বোন মুন্নি আক্তার জানান, সকাল সাড়ে আটটার দিকে আবুল হোসেন (৫৫) খান পৈতৃক একটি ঘর ভেঙে ভাগ করে নিতে চাইলে ছোট ভাই নূরুল ইসলাম তাতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে নূরুল ইসলাম তাঁর বড় ভাই আবুল হোসেনকে জাপটে ধরে মাটিতে ফেলে গলা টিপে ধরলে শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে নূরুল ইসলামকে আটক করে বরগুনা থানায় সোপর্দ করেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার জানান, এলাকাবাসীর সহযোগিতায় নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় নুরুল ইসলামকে আসামি করা হয়েছে।