বরগুনায় মা-মেয়ে এসিডদগ্ধ
বরগুনা শহরের লাকুরতলা এলাকায় গতকাল বুধবার রাতে আড়াই বছরের মেয়ে তামান্নাসহ রিমা আক্তার (২৫) নামের এক নারী এসিডদগ্ধ হয়েছেন। রিমার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে রিমার স্বামী মজিবুল হক এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে চিত্কার শুনে রিমার মা তাঁর শোয়ার ঘরে যান। সেখানে রিমা ও তামান্নাকে এসিডদগ্ধ অবস্থায় কাতরাতে দেখেন তিনি। গুরুতর অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তাঁদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আবদুুল মান্নান জানান, এসিডে রিমার মুখের ৮০ ভাগই ঝলসে গেছে। তাঁর ডান হাত, বুক ও পেটও গুরুতর দগ্ধ হয়েছে। শিশু তামান্নার মুখ ও সারা শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে। এ ঘটনায় ব্র্যাকের পক্ষ থেকে রিমা ও তামান্নাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বরগুনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিমুল হক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মজিবুলকে ধরতে পুলিশের একটি দল কাজ করছে। খুব দ্রুতই তাঁকে ধরা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।