বরগুনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত
বরগুনার পাথরঘাটা উপজেলায় গতকাল শুক্রবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি শর্টগান, একটি ভারতীয় রিভলবার, ১২টি ওয়ান শ্যুটারগান, দুটি এয়ারগান, চারটি রামদা, ৪৩টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হলেন—মানিক আকন ওরফে মানিক ডাক্তার (৪৫) ও জাহাঙ্গীর (৪২)।র্যাবের দাবি, নিহত মানিক সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ডাক্তার বাহিনীর প্রধান ছিলেন। আর জলদস্যু জুলফিকার বাহিনীর প্রধান জুলফিকারের ছোট ভাই ছিলেন জাহাঙ্গীর। নিহত মানিকের বাড়ি বরগুনার মঠবাড়িয়া উপজেলা ভেদাখালী গ্রামে এবং জাহাঙ্গীরের বাড়ি বাগেরহাটে। সুন্দরবনে সশস্ত্র জলদস্যু বাহিনী গড়ে তাঁরা দীর্ঘদিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগরে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।র্যাব-৮-এর কর্মকর্তাদের ভাষ্য, গতকাল রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁরা তিন ভাগে বিভক্ত হয়ে বলেশ্বর নদে টহল দেন। পাথরঘাটার জ্ঞানপাড়াসংলগ্ন গোড়াখাল এলাকায় একটি নৌকা ও একটি ট্রলারে জলদস্যুরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে তিন দিক থেকে তাঁরা নৌকা ও ট্রলারকে ঘিরে ফেলেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। রাত আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দুই পক্ষে বন্দুকযুদ্ধ চলে। এতে মানিক ও জাহাঙ্গীর নিহত হন।