বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় গতকাল শুক্রবার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আ. খালেক (৫০) নামের একজন নিহত হয়েছেন। বরগুনার ফুলঝুড়ি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুটি রামদা ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) আবু আকবর জানান, খালেক বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের আমতলী গ্রামের কাসেম হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে। র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক শফিক আহমেদ জানান, গতকাল রাত দুইটার দিকে র‌্যাবের একটি বিশেষ দল বরগুনার গৌরীচন্না হয়ে ফুলঝুড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে একদল লোক দেখে র‌্যাব এগিয়ে গেলে তাঁরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন লাশটি খালেকের বলে শনাক্ত করে।