জীবাশ্ম জ্বালানি দিয়ে যে বিদ্যুৎ বাংলাদেশে তৈরি হয়, তার একটি বড় অংশের প্রয়োজন পড়ে ধানখেতে, কৃষকের সেচের জন্য। সংকটের কারণে তিন মৌসুমেই সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ এখন কষ্টকল্পনা। বেশ কিছুদিন ধরে সেচকাজে তাই সৌরবিদ্যুৎ ব্যবহারের কথা ভাবা হচ্ছে জোরেশোরে। হচ্ছে গবেষণাও। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটে সৌরবিদ্যুৎ দিয়ে সরাসরি সেচপাম্প চালানোর গবেষণার কথা বিজ্ঞান প্রজন্মে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রচলিত সৌরবিদ্যুতের অধিক ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। প্রচলিত প্রযুক্তিতেই গড়ে উঠেছে বরগুনার সৌর সেচ প্রকল্প। এ প্রতিবেদনটি তৈরি করেছেন ‘প্রথম আলো’র বরগুনা প্রতিনিধি জসিম উদ্দিন ও তারিকুর রহমান খানদেশের দক্ষিণের জেলা বরগুনা। জেলার সঙ্গে লাগোয়া বঙ্গোপসাগর। কিছুদূর এগোলেই অসীম সাগরের হাতছানি। সাগরের কাছাকাছি অবস্থান হওয়ার পরও বরগুনা জেলার অধিকাংশ আবাদি জমিতেই সেচের অভাবে বছরে মাত্র একটি ফসল উৎপন্ন হয়। কেবল আমন মৌসুমে। জেলায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে। বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আশা করা যায় না। আর এর মধ্যে কখনো যদি সাগর ফুসে ওঠে বা খরার প্রকোপ দেখা দেয়, তাহলে বরগুনা জেলার হতভাগ্য মানুষগুলোকে আধাপেটা থেকেই কাটাতে হয় পুরোটা বছর।এই বরগুনার প্রত্যন্ত গ্রাম কুমড়াখালীতে চালু করা হয়েছে একটি সৌরবিদ্যুৎচালিত সেচ প্রকল্প। এরই মধ্যে তা এলাকার কৃষকদের মনে নতুন আশা জাগিয়েছে। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামটি বিষখালী নদীর তীরে। এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ হলেও বৈরী আবহাওয়া ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধার অভাবে জেলার অন্যান্য জায়গার মতো আমন ছাড়া অন্য কোনো ফসল তারা উৎপাদন করতে পারে না। গ্রামের কয়েকজন কৃষক জানান, আগে আমন উৎপাদন করে মোটামুটি চলতে পারলেও ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ও ২০০৮ সালের মে মাসের ঘূর্ণিঝড় আইলার পর এলাকার জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় কৃষিজ উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। ফলে শুধু কৃষিকাজের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। এসব বিবেচনা করেই তাঁরা বিকল্প কাজের কথা ভাবছিলেন।ব্যাপারটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি খাতে (এসএমই) বিভাগের প্রধান মোহম্মদ ইকবালের নজরে আসে বেশ আগেই। কিন্তু চাইলেও সব সময় সবকিছু করা যায় না। মোহম্মদ ইকবাল বলেন, ‘একটি প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষে রাতারাতি কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। তার ওপর, এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের নিজস্ব কোনো শাখা নেই। নেই লোকবলও। তার পরও আমরা সেখানে সৌরবিদ্যুতের ব্যাপারটি নিয়ে ভেবেছি।’পরবর্তী সময়ে সাভারে সৌরবিদ্যুতের একটা মডেল প্রকল্প হয়েছে শুনে ব্যাংকের লোকজন ছুটে যান সেখানে। প্রকল্পটি দেখে তাঁদের মনে হয়েছে, সৌরবিদ্যুৎ দিয়ে হতভাগ্য মানুষগুলোর জন্য কিছু একটা করা যেতে পারে। ধারণা হয়, এমন একটা কিছু করা যেতে পারে বরগুনার সেচ সমস্যা সমাধানের জন্য। তাই ধীরে হলেও কাজ এগিয়ে চলে। কিন্তু সেখানকার কৃষকদের সংগঠিত করা, তাদের হাতে প্রযুক্তি তুলে দেওয়া আর সম্পূর্ণ সুবিধাটা তুলে দেওয়ার জন্য উদ্যোক্তার প্রয়োজন হয়। এগিয়ে আসে বহুদিন ধরে একসঙ্গে কাজ করা সংগঠন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)। তাদের সঙ্গে ব্যাংকের কিছু ঋণ প্রকল্প আগে থেকেই ছিল। ফলে সমন্বয় করতে সমস্যা হয়নি। আর এভাবে চালু হয় বরগুনার এই সেচ প্রকল্পটি। এটি এলাকার সবার মধ্যে কৃষিকাজ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। এবার এই সেচ প্রকল্পের আওতায় কুমড়াখালী গ্রামের ৪০ একর জমিতে প্রথমবারের মতো উচ্চফলনশীল আউশ ধানের আবাদ হয়েছে। এই প্রকল্পকে ঘিরে এখানে ৮৩ জন কৃষককে নিয়ে গড়ে উঠেছে ‘কুমড়াখালী আদর্শ গ্রাম কৃষক সমবায় সমিতি’ নামে একটি কৃষক সংগঠন। গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘এইবার ঠিকমতো ফলনটা ঘরে উডাইতে পারলে মোগো আর কোনো দুঃখ-কষ্ট থাকপে না।’ তিনি বলেন, ‘আগে আমন ধান ওঠার পর বছরের সাত মাস আমাগো জমিগুলা বিরান (খালি) পড়ে থাকত। এহন আল্লায় দেলে তিনটা ফসল ফলাইতে পারমু।’কুমড়াখালী আদর্শ গ্রাম সমবায় সমিতির সভাপতি শাহ আলম মল্লিক বলেন, ‘যুগ যুগ ধরে আমরা শুধু আমন ফসলই উৎপাদন করে এসেছি। বাকি সময় আমাদের জমি খালি পড়ে থাকত। সৌরবিদ্যুতের সেচ প্রকল্প চালু হওয়ায় এবারই প্রথম উচ্চফলনশীল জাতের ধানের আবাদ করতে পেরেছি। আশা করি এখন আমরা আমনের পাশাপাশি বছরে তিনটি ফসল উৎপাদন করতে পারব।’ পরবর্তী সময়ে উৎপাদন-ব্যয় অনেকটা কমে আসবে এবং তখন কৃষকদের আয় আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন। এই প্রকল্পের উদ্যোক্তা আরডিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে এই গ্রামে প্রকল্পটি স্থাপন করেছি। সেচের অভাবে এসব জমিতে আমন ধানের বাইরে অন্য কোনো ফসল উৎপাদন করতে পারে না এ অঞ্চলের কৃষকেরা। পাশাপাশি ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর এ অঞ্চলের কৃষিব্যবস্থা একরকম বিপর্যয়ের মুখে পড়েছে। এসব বিবেচনায় এনে টেকসই উন্নয়নের স্বার্থে আমরা প্রাথমিকভাবে এই প্রকল্প স্থাপন করেছি। ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের চিন্তা রয়েছে আমাদের। তা ছাড়া বিদ্যুতের ঘাটতি ও পরিবেশগত দিক বিবেচনায় সারা দেশেই এই প্রকল্প একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।’ তিনি বলেন, ‘প্রথম দুই বছর কৃষকদের কাছ থেকে সেচের খরচ বাবদ কোনো অর্থ নেওয়া হবে না। দুই বছর পর কৃষকদের কাছ থেকে আমরা একরপ্রতি বছরে ১০ হাজার টাকা করে সেচের খরচ নেব।’ প্রকল্পের জন্য সৌরবিদ্যুতের বিভিন্ন উপকরণ সরবরাহ করেছে রহিমআফরোজ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রহিমআফরোজ এবং আরডিএফের সহযোগিতায় প্রকল্পের সমীক্ষা হয়েছে। কোথায় কতটুকু জায়গায় প্রকল্প হবে, কারা হবে ব্যবহারকারী, কত দিনে কীভাবে তাদের সাহায্য করা হবে—এসব বিষয় সেখানে চূড়ান্ত হয়েছে। এ প্রকল্পের উদ্যোক্তারা জানান, সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ছিল প্রকল্পের কার্যকারিতা প্রমাণ করা। সৌরবিদ্যুৎ একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প। কিন্তু দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে এর কোনো বিকল্প নেই। সবচেয়ে বড় কথা, একবার স্থাপনের পর খরচ প্রায় নেই বললেই চলে। তাই সৌরবিদ্যুতের পরিবর্তে ডিজেল জ্বালানি ব্যবহার করলে আগামী ১০ বছরে কত খরচ হবে আর সৌরবিদ্যুৎ স্থাপন করে ১০ বছরে কী পরিমাণ সাশ্রয় হবে, সেই হিসাব কষাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিজেলের অব্যাহত মূল্যবৃদ্ধি যেখানে জীবাশ্ম জ্বালানিকে প্রায় দুর্মূল্য জ্বালানিতে পরিণত করছে, তাতে সৌরবিদ্যুতের এই প্রকল্পের যৌক্তিকতা প্রমাণ হতে তাই সময় লাগেনি। পুরো প্রকল্পটিই কৃষকবান্ধব আর সাশ্রয়ী প্রমাণিত হয়। সবচেয়ে বড় কথা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে এ অঞ্চলে বছরে তিনটি ফসল ফলানোর সম্ভাবনা তৈরি হয়। বিরূপ প্রকৃতির কারণে তাই একটি ফসল নষ্ট হলেও কৃষককে অসহায় হয়ে বসে থাকতে হবে না।প্রাথমিক জরিপ শেষে বরগুনা সদর উপজেলার ফুলতলা ও কুমারখালী গ্রামের মধ্যে অবস্থিত ৫০ একর জমিকে উপযুক্ত নির্বাচন করা হয়। এরপর শুরু হয় এ প্রকল্পের জন্য সম্ভাব্য সুবিধাভোগী কৃষকদের সম্পূর্ণভাবে বিষয়টি বুঝিয়ে বলা এবং তাদের সমস্যাগুলো পর্যালোচনা করা। অবশেষে আরডিএফ ৮৩ জন কৃষককে নিয়ে একটি সমবায় সংগঠন গড়ে তোলে। এগিয়ে আসে রহিমআফরোজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কৃষকদের সহজ শর্তে ১০ বছর মেয়াদি ঋণ দিয়ে শুরু হয় একটি স্বপ্ন বিনির্মাণের।এ বছরের ১৭ জুলাই বরগুনার সদর উপজেলার বদরখালী উপজেলার ফুলতলা এবং কুমারখালী গ্রামের ৫০ একর জমিতে দৈনিক আট লাখ লিটার সেচসুবিধা নিয়ে চালু হয় সৌর সেচ প্রকল্প। এখানে পানির উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে স্থানীয় খালের পানি। মাথার ওপর গনগনে সূর্য আর সেই তাপে বিদ্যুৎ উৎপন্ন হয়ে পাশের খালের পানি এসে ভিজিয়ে দিচ্ছে মাঠ। তরতর করে বেড়ে উঠছে শস্য আর তাই সূর্যের হাসির সঙ্গে হাসি ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত বরগুনার ফুলতলা আর কুমারখালীর কৃষকের মুখে। বুয়েটের আইআইসিটিতে বর্তমানে চলছে ইনভার্টারবিহীন ও সমপ্রবাহী বিদ্যুৎচালিত সৌর পাম্পের গবেষণা। একই সঙ্গে হচ্ছে সোলার প্যানেলের খরচ কমানোর গবেষণা। সাভারে স্থাপিত হয়েছে সোলার প্যানেল তৈরির কারখানা। সম্মিলিত এই চেষ্টার মাধ্যমে বদলাবে আমাদের কৃষি আর কৃষকের জীবন। একদিন প্রত্যন্ত বরগুনার ফুলতলা আর কুমারখালীর হাসি ছড়িয়ে যাবে বাংলাদেশের সব কৃষকের মুখে। বিশেষ কৃতজ্ঞতা: নাইয়ার ফাতেমা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।