বরগুনায় ৪৫ গ্রাম প্লাবিত, ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও প্রবল বর্ষণের কারণে নদ-নদীতে প্রবল জোয়ারে বরগুনার বিভিন্ন এলাকার প্রায় ৪৫টি গ্রাম প্লাবিত ও ৪০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জলোচ্ছ্বাসে বরগুনা শহরের বেশির ভাগ রাস্তা হাঁটু পানিতে ডুবে যায়। জেলার বিভিন্ন এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৮টি স্থান বাঁধ বিলীন হয়ে গেছে। জোয়ারের পানিতে এসব গ্রামের কমপক্ষে তিন হাজার পুকুরের মাছ ভেসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার জেলার সবগুলো নদ-নদীতে বিপত্সীমার তিন দশমিক ২০ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মেদ দুপুরে বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর দুটির ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আগে ১৫টি স্থানে বাঁধ বিলীন হয়ে গেছে। আজ আরও তিনটি স্থানে বাঁধ বিলীন হয়ে গেছে।’ বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়েও পাওয়া যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।