বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া-সংলগ্ন বলেশ্বর নদে গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের আফজাল মাঝি (৩৫) ও খুলনার কয়রা উপজেলার ফারুক সরদার (২৮)।র্যাবের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু জুলফিকার বাহিনীর সক্রিয় সদস্য। বন্দুকযুদ্ধের পর নিহত ব্যক্তিদের ব্যবহূত ট্রলার থেকে তিনটি পাইপগান, দুটি রামদা ও বন্দুকের ১০টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।তবে নিহত আফজালের স্ত্রী ভুলু বেগম জানান, তাঁর স্বামী নিরীহ লোক। আনুমানিক ২০ দিন আগে র্যাবের সদস্যরা তাঁর স্বামী ও আরেক জেলে হাবিবুর রহমানকে তুলে নিয়ে যান। এর পর থেকে তাঁদের কোনো খোঁজ নেই। হাবিবুরের স্ত্রী বিউটিও একই অভিযোগ করেন।র্যাব ও কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে র্যাব, কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল বলেশ্বর নদে স্পিডবোটে করে টহল দিচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে বলেশ্বর নদের তাফালবাড়িয়া এলাকায় তারা সন্দেহভাজন একটি ট্রলারকে থামতে বলে। কিন্তু ট্রলারের লোকজন ট্রলার না থামিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্পিডবোট লক্ষ্য করে গুলি চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর ওই ট্রলার থেকে বেশ কয়েকজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। পরে ট্রলারের কাছে গিয়ে আফজাল ও ফারুকের লাশ এবং অস্ত্রশস্ত্র পড়ে থাকতে দেখা যায়। নিজলাঠিমারা গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, আফজাল সাগরে মাছ ধরতেন। ঘূর্ণিঝড় সিডরের পর আফজাল, হাবিবুরসহ কয়েকজন সরকারের ত্রাণ সহায়তা হিসেবে একটি ট্রলার পান। সেই ট্রলারে করে তাঁরা সাগরে মাছ ধরতেন। তিনি জলদস্যু ছিলেন—এমন কথা তাঁরা শোনেননি। পাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সগীর আলম জানান, ‘আমরা যত দূর জানি, আফজাল একজন নিরীহ জেলে। সাগরে জলদস্যুতার সঙ্গে তাঁর জড়িত থাকার কথা শুনিনি।’ এদিকে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে কথা হয় নিহত আফজালের স্ত্রী ভুলু বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে জলদস্যুতার যে অভিযোগ করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা। তিনি খুবই নিরীহ লোক। বাড়ির সামনে দোকান এবং ত্রাণের পাওয়া ট্রলার দিয়ে কোনোমতে সংসার চালাই।’ভুলু বেগম জানান, আনুমানিক ২০ দিন আগে তাঁর স্বামী ও জেলে হাবিবুর রহমান চর দুয়ানী বাজারে আরেক জেলের কাছ থেকে জাল আনতে যান। রাতে বাজারে থাকা লোকজন তাঁকে জানান, সন্ধ্যার পর র্যাব পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাঁর স্বামী ও হাবিবুরকে ধরে নিয়ে যায়। এর পর থেকে তাঁদের দুজনের কোনো খোঁজ ছিল না। হাবিবুরের স্ত্রী বিউটি বেগমও একই অভিযোগ করে প্রথম আলোকে বলেন, তিনি এখনো তাঁর স্বামীর খোঁজ পাননি।এ ব্যাপারে র্যাব পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক মেজর কাজী শমশের উদ্দীন বলেন, ‘নিহত আফজাল ও ফারুক সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু জুলফিকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে খুন, ডাকাতি ও অপহরণসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাদের ভয়ে এলাকার কেউ এত দিন মুখ খোলার সাহস পায়নি বলে স্থানীয় থানায় কোনো ধরনের অভিযোগ নেই।’ তিনি আফজাল মাঝি ও হাবিবুর রহমানকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেন। যোগাযোগ করা হলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আফজালের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমাদের অপরাধবিষয়ক তালিকায় কয়েকজন আফজালের নাম রয়েছে। আমরা অনুসন্ধান করে দেখছি, এই আফজাল তাদের মধ্যে আছে কি না।’ ওসি বলেন, ‘অন্য নিহত ফারুকের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা জানার জন্য খুলনার কয়রা থানায় যোগাযোগ করা হচ্ছে।’