বরফ গলছে শাহরুখ-অভিষেক সম্পর্কের
অবশেষে শাহরুখ-অভিষেক শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ফারাহর ছবিতে একসঙ্গে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত তাঁরা। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জানিয়েছে মুম্বাই মিরর। ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখ খানের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছিল। এবারে তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন অভিষেক বচ্চন। এর আগে করণ জোহরের ‘কাভি আল বিদা না কেহ না’ ছবিতে অভিনয় করেছিলেন এ দুই তারকা। বিগত বছরগুলোতে কাছের সব বন্ধুদের হারিয়ে টিন সেলে কিছুটা একাকী হয়েই পড়েছিলেন কিং খান। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, অবশেষে পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা শুরু করেছেন তিনি। কিছুদিন আগে ফারাহ খানের সঙ্গে বিবাদ মিটিয়ে তাঁর নতুন ছবিতে কাজের জন্য রাজি হয়েছেন শাহরুখ। এ ছাড়া খুব সম্প্রতি আরেক কাছের বন্ধু জুহি চাওলার সঙ্গেও পুরোনো বন্ধুত্ব চাঙা করেছেন তিনি। চার বছর পর আবারও এই জুটিকে একসঙ্গে টিভি বিজ্ঞাপনচিত্রে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। ফারাহর ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক বচ্চনের সঙ্গেও খাতির জমানোর চেষ্টা করছেন শাহরুখ—এমন মত দিয়েছেন অনেকেই। অবশ্য শাহরুখের সঙ্গে অভিষেকের প্রকাশ্য শত্রুতা কিংবা বন্ধুত্ব নেই। কিন্তু অভিষেক পত্নী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে শাহরুখের সম্পর্কটা একটু খারাপই বলতে হয়। আর এর জন্য দায়ী শাহরুখই। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রোডাকশনের ‘চলতে চলতে’ ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দেওয়ার পর থেকেই শাহরুখের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় ঐশ্বরিয়ার। ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়েতে শাহরুখ-গৌরি দাওয়াত না পাওয়ায় দূরত্ব আরও বাড়তে থাকে। গত বছরের আইপিএল মৌসুমে শাহরুখের বাড়িতে আয়োজিত পার্টিতে মুম্বাই ইন্ডিয়ানস দলের জার্সি পরে হাজির হন অভিষেক। পরপর চার বছর আইপিএল টুর্নামেন্ট থেকে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স ছিটকে পড়ার দগদগে ঘায়ে নুনের ছিটা দিতেই যেন অভিষেকের এমন কীর্তি! এই ঘটনার পর শাহরুখ-অভিষেকের শীতল সম্পর্কের কথা চারদিকে চাউর হলেও, শাহরুখকে নিজের বড় ভাই মনে করেন বলেই জানান অভিষেক।