বরফে ঢাকা গাড়িতে দুই মাস ! (ভিডিও)
প্রায় দুই মাস বরফে ঢাকা গাড়িতে আটকা পড়েও বেঁচে আছেন ৪৫ বছর বয়সী এক সুইডিশ নাগরিক। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। এ সময় তিনি কোনো ধরনের খাবার গ্রহণ করেননি বলে দেশটির পুলিশ জানিয়েছে।সুইডেনের ‘ভাস্টারবোটেন কুরিয়ার’ পত্রিকার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার সুইডেনের উত্তরাঞ্চলের একটি প্রধান সড়ক থেকে এক কিলোমিটারের বেশি দূরে বনের শেষ প্রান্তে বরফে ঢাকা গাড়িটি পাওয়া যায়। বরফ সরানোর কাজে নিয়োজিত ব্যক্তিরা গাড়িটির সন্ধান পায়। গাড়ির জানালার কাচে জমে যাওয়া বরফ সরিয়ে তাঁরা পেছনের আসনে কাউকে নড়াচড়া করতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উমেয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।পুলিশ বলছে, সম্প্রতি এই এলাকার তাপমাত্রা হিমাংকের ৩০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছিল। ওই ব্যক্তি গাড়ির পেছনের আসনে স্লিপিং ব্যাগে ঘুমাচ্ছিলেন বলে পুলিশের কর্মকর্তা ইবি নাইবার্গ জানিয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তি খুবই দুর্বল হয়ে পড়েছেন। ক্ষীণ কণ্ঠে তিনি জানান, গত ১৯ ডিসেম্বর থেকে তিনি এখানে আটকা পড়ে আছেন। এ সময় তিনি কোনো খাবার খাননি। তাঁর এই কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছে পুলিশ। উমেয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে তাঁর অবস্থা খুবই নাজুক।