এক বছরেও শুরু করতে পারেনি জরিপকাজ
বরাদ্দ থাকার পরও ঝুলে আছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প
ভিক্ষাবৃত্তির অবসানে নেওয়া কোনো উদ্যোগই বাস্তবায়ন করতে পারেনি সরকার। ভিক্ষুকদের জীবনের মান উন্নয়নে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পরও ভিক্ষুকদের জরিপ বা পুনর্বাসনকাজের কোনোটিই এখন পর্যন্ত শুরু করতে পারেনি সমাজকল্যাণ মন্ত্রণালয়। ভিক্ষুক জরিপের কাজ পরিচালনা করার জন্য বেসরকারি সংস্থা (এনজিও) নির্বাচনের বিষয়টিও গতকাল পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি তারা।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ভিক্ষাবৃত্তির অবসান ঘটিয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এ ব্যাপারে মন্ত্রণালয়ের কাজের গতি কম বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করেন, আগামী ফেব্রুয়ারির শেষের দিকে জরিপকাজ শুরু করতে পারবেন।প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার কারণ হিসেবে সচিব বলেন, মন্ত্রণালয়ের দৈনন্দিন ও নিয়মিত কাজ সম্পন্ন করার পাশাপাশি এ প্রকল্পের কাজ করতে হচ্ছে। এ ছাড়া এনজিও নির্বাচন চূড়ান্ত না হওয়ার কারণে তাঁরা জরিপ শুরু করতে পারছেন না।সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে প্রায় সাত লাখ মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। জরিপ শেষ হলে তাদের সেবাদানের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসন করা হবে।কর্মকর্তারা বলেন, ‘ভিক্ষবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্প’ নামে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী এ প্রকল্পের জন্য গত বছর অর্থ মন্ত্রণালয় থেকে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ছয় কোটি ১৫ লাখ টাকা ভিক্ষুক জরিপকাজে এবং ছয় কোটি ৩২ লাখ টাকা তাদের পুনর্বাসনকাজে ব্যয় করার কথা। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের সঠিক সংখ্যা, ভিক্ষাবৃত্তির কারণ ও ধরন জানা এবং তাদের পুনর্বাসন জরিপের উদ্দেশ্য।কিন্তু এক দিনব্যাপী জরিপ পরিচালনা করতে গিয়ে এক বছর সময় ইতিমধ্যেই পার করেছে মন্ত্রণালয়। জরিপের কার্যক্রম পরিচালনার জন্য এনজিও নির্বাচন করা নিয়েও নানা অনিয়মের কথা শোনা যাচ্ছে। জরিপ পরিচালনায় পছন্দের এনজিওকে কাজ পাইয়ে দিতে অনেক সাংসদ ও মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।জানা গেছে, ভিক্ষুক জরিপের কাজ পরিচালনার জন্য এনজিও নির্বাচনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটির কাছে ১০টি অঞ্চলের জরিপকাজ করার জন্য মোট ৮৫টি এনজিও আগ্রহ ব্যক্ত করে প্রস্তাব জমা দিয়েছে। এদের মধ্যে ২০টি এনজিও নির্ধারিত সময়ের পর প্রস্তাব জমা দেওয়ায় সেগুলো গ্রহণ করা হয়নি।জরিপের ধরন: ঢাকা মহানগরকে চারটি অঞ্চল এবং বিভাগীয় শহরগুলোকে ছয়টি আঞ্চলিক কেন্দ্রে ভাগ করে একযোগে জরিপ চালানো হবে। জরিপে প্রতিবন্ধী, পেশাদার, শিশু ও মহিলা এবং মৌসুমি—এই চার শ্রেণীর ভিক্ষুকদের শনাক্ত করা হবেএবং ঢাকা মহানগরের ভিক্ষুকদের নিজ নিজ জেলায় পুনর্বাসন করা হবে। প্রতিবন্ধী ও বয়স্ক ভিক্ষুকদের বয়স্কভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। ভিক্ষুকের ভিক্ষাবৃত্তির ধরন, বয়স ও সক্ষমতার ভিত্তিতে তাদের অস্থায়ী, সক্ষমতা, কর্মসংস্থান ও স্থায়ী—এই চার ভাগে পুনর্বাসন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আমলা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘এই প্রথম ভিক্ষুকদের জন্য কোনো সরকার কিছু করতে চাচ্ছে। সে জন্য তাদের অবশ্যই স্বাগত জানাই। সব সরকারই প্রকল্প হাতে নেয়, কিন্তু বাস্তবায়ন করতে পারে না। সামগ্রিকভাবে দেখা যায়, সব সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি কর্মকর্তাদের আরও তাগাদা দিতে হবে, দায়বদ্ধতা বাড়াতে হবে।’