বরিশাল ও ময়মনসিংহে বিএনপি-ছাত্রদলের ১৬ জন আটক
বরিশাল নগরের বিভিন্ন স্থান থেকে আজ সকালে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ পিকেটারদের লাঠিপেটা করে। এ সময় ঘটনাস্থল পুলিশ থেকে বিএনপির ১২ নেতা-কর্মীকে আটক করেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ হালদার প্রথম আলোকে বলেন, ‘নগরে হরতাল সমর্থকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে বিএনপির ১০-১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’জেলা মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মুজিবর রহমান সারোয়ার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাইলে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে।’সকাল সাড়ে ছয়টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহানের নেতৃত্বে নগরের বান্দ রোড এলাকায় পিকেটাররা মিছিল করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশ এখান থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।সকাল সাতটায় জেলা মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মুজিবর রহমান সারোয়ারের নেতৃত্বে কলেজ রোড ও নতুন বাজার এলাকায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ ওই মিছিলে ব্যাপক লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয়জন নেতা-কর্মী ও পিকেটারদের আটটি মোটরসাইকেল আটক করে পুলিশ।এ ছাড়া নগরের হাসপাতাল রোড, সাগরদী, পি অ্যান্ড জি রোড, আলেকান্দা ও জেলেবাড়ি পোল এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এসব মিছিলেও পুলিশ বাধা দেয়।