বরিশাল ও রংপুরে সিন্দুক ভেঙে ২২২ ভরি স্বর্ণ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ও রংপুরে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। পৃথক এই ঘটনায় মোট ২২২ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে। বরিশাল নগরের কাঠপট্টি সড়কে বধূয়া জুয়েলারি নামের একটি দোকানে ডাকাতি হয় ঈদের পরদিন দিবাগত রাতে। দোকানের মালিক সত্যজিৎ কর্মকার জানান, তিনি বুধবার রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দোকানে এসে কলাপসিবল গেট ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, দোকানের সিন্দুক ভেঙে ১৫২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় কাঠপট্টি সড়কের পাহারাদার মো. মতিন (৩০) ও মো. মোজাম্মেলকে (২৮) আটক করা হয়েছে।রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে গোল্ডেন টাওয়ার বিপণিবিতানে উত্তরা নামের একটি সোনার দোকানের তালা ভেঙে ৭০ ভরি স্বর্ণ লুট করা হয়েছে। পুলিশ ও সোনার দোকানের মালিক সূত্রে জানা যায়, ঈদের দিন রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা দোকানের সিন্দুক ভেঙে প্রায় ৭০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার ওই বিপণিবিতানের ওপরের তলার আবাসিক হোটেলের চারজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কৃষ্ণ চন্দ্র বর্মণ (২৫), দিলীপ কুমার রায় (২৫), মো. সামসুল (৫২) ও সুবাস চন্দ্র রায় (২৮)। ওই দোকানের মালিক মোমিনুল ইসলাম বলেন, ‘যেখানে আমার দোকান রয়েছে ঈদের বন্ধের সময় সেখানে যেতে চাইলে হোটেল কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরাও (সিসি) রয়েছে। তার পরও দোকানের তালা ভেঙে সোনা লুট করার ঘটনা ঘটেছে।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সিসি ক্যামেরা নষ্ট করে স্বর্ণ লুট করা হয়েছে। এ ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই আবাসিক হোটেলের মালিক শফি আহমেদ তাঁর কর্মচারীদের নির্দোষ দাবি করেছেন।