বরিশাল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর নির্যাতন বন্ধের দাবিসহ তিন দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে নেমেছেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমানকে তাঁর নিজ বিভাগে মূল দায়িত্বে ফিরিয়ে আনা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আজ রোববার থেকে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেছেন।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় স্বার্থের পরিপন্থী, অপ্রয়োজনীয় ও অকার্যকর বিএসসি ইন অ্যানিমেল সায়েন্স (অনার্স) ডিগ্রি চালুর উদ্যোগ গ্রহণ করলে এর প্রতিবাদে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা গত ৬ জুন ক্যাম্পাসে মানববন্ধন ও ৪ জুলাই উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এরই পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই ইউজিসি কর্তৃপক্ষের নির্দেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নতুন করে আর্থসামাজিক অবস্থার সঙ্গে সংগতিহীন ও অকার্যকর বিএসসি ইন অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।এ ঘটনার জের ধরে কর্তৃপক্ষ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমানকে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাস থেকে মূল ক্যাম্পাসে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি গ্রহণ করেন।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স ও সার্জারি বিভাগের ডিন এবং উপাচার্য সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে আমি শুনেছি। তবে ওই বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ এবং আদেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমটি গঠন করা হয়েছে। সে কারণে তাঁকে মূল ক্যাম্পাসে আনা হয়েছে।’ বিএসসি ইন অ্যানিমেল সায়েন্স কোর্স চালু না করার জন্য ইউজিসির দেওয়া চিঠিকে মিথ্যা এবং তা বাতিল করা হবে বলেও জানান তিনি।