বরিশাল গৌরনদী কলেজে ভর্তি বঞ্চিতদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি গৌরনদী কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা আজ শনিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। একপর্যায়ে তারা হামলা চালিয়ে কলেজে ব্যাপক ভাঙচুরও করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কক্ষে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষকদের উদ্ধার করে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে মোট ৯০৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে। কিন্তু সেখান থেকে মেধার ভিত্তিতে আসনসংখ্যা অনুযায়ী ৪৫০ জনকে ভর্তির অনুমতি দেওয়া হয়।আজ কলেজে ভর্তি শুরু হলে সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা অধ্যক্ষের কক্ষসহ পুরো কলেজে ব্যাপক ভাঙচুর করে। এ সময় কলেজের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে পাঁচজন আহত হয়। এ সমস্যা নিরসনে কলেজের অধ্যক্ষ মো. কুতুব উদ্দিন আইবেক শিক্ষকদের নিয়ে অফিস কক্ষে জরুরি সভায় বসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই অফিস কক্ষ তালাবদ্ধ করে তাঁদের দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বঞ্চিত শিক্ষার্থীরা বলেছে, ‘আমরা শুধু এ কলেজ থেকেই ফরম সংগ্রহ করেছি। কলেজ কর্তৃপক্ষ যদি আগে থেকেই গ্রেড নির্ধারণ করে ফরম বিক্রি করত, তাহলে আমরা অন্য কলেজে ভর্তির ফরম সংগ্রহ করতাম।’ আসনসংখ্যা বাড়িয়ে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান এসব শিক্ষার্থী।অধ্যক্ষ কুতুব উদ্দিন আইবেক বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা কলেজে হামলা ও ভাঙচুর করেছে। তারা শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছিল। ৩ জুন ভর্তির আসন বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো আদেশ আসেনি। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অতিরিক্ত ভর্তির কোনো সুযোগ নেই।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।