বরিশাল থেকে ঢাকার পথে লিমন
উন্নত চিকিত্সার জন্য র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনকে বরিশাল শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়। লিমনের সঙ্গে তার বাবা তোফাজ্জেল হোসেন ও মামা ইলিয়াস হোসেন রয়েছেন।শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ের পরিচালক মো. আবদুর রশীদ জানান, উচ্চ আদালতের নির্দেশ এবং লিমনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আজ বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।গতকাল সোমবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটে লিমন হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পায়। পরে তাকে হাসপাতালের চারতলার মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।গত ৫ মে হাইকোর্ট লিমনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়ে রুল জারি করা হয়।প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরে গুলিবিদ্ধ হওয়ার পর ২৫ মার্চ রাতে লিমনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে লিমন সেখানেই ছিল। হাসপাতালে চিকিত্সকেরা তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলেন। ৩ মে লিমনকে পঙ্গু হাসপাতাল থেকে ঝালকাঠির কারাগারে পাঠানো হয়। পরের দিন তাকে আদালতের নির্দেশে বরিশাল শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়।