বরিশাল নৌবন্দরের নির্মাণকাজ দেখে নৌমন্ত্রীর অসন্তোষ ও ক্ষোভ
বরিশালে আধুনিক নৌবন্দরের কাজ এবং প্রকৃত অগ্রগতি না দেখে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি আগামী এক মাসের মধ্যে ত্রুটিপূর্ণ কাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন। মন্ত্রী আজ শুক্রবার সকালে বরিশালে আধুনিক নৌবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।মন্ত্রী বলেন, বরিশাল দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর। এ বন্দরকে আধুনিক করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু যে মানের কাজ হওয়ার কথা ছিল সরেজমিনে কাজের মান সঠিক বলে মনে হয়নি। দরপত্র অনুযায়ী কাজ হয়নি। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।মন্ত্রী বলেন, বাংলাদেশের ৩৬টি নদী পুনরুদ্ধারের জন্য ১১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নদী দখল বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনটি নতুন ড্রেজার কেনা হয়েছে। সাতটি সংগ্রহের কাজ চলছে। ২০১৩ সালের মধ্যে আরও ১০টি ড্রেজার কেনা হবে।পদ্মার দক্ষিণ পারের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি সহজ করার লক্ষ্যে দক্ষিণাঞ্চলে তৃতীয় সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করা হবে। এ ব্যাপারে পটুয়াখালী ও বরগুনা জেলায় জায়গা নির্বাচনের কাজ শুরু হয়েছে।মন্ত্রী বলেন, আগে ডেনমার্ক থেকে জাহাজ কেনা হলেও বর্তমানে বাংলাদেশ ডেনমার্কে জাহাজ বিক্রি করছে। তিনি জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বরিশালে নতুন ডকইয়ার্ড জোন প্রতিষ্ঠার ঘোষণা দেন।