বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, দুই নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের সংঘর্ষের পর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়া মহানগর ছাত্রলীগের সদস্য ও বিএম কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মঈন তুষার ও জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে মহানগর ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, মহানগর আহ্বায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে রাত ১০টার দিকে এক জরুরি সভ হয়। এতে মহানগর ছাত্রলীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত মঈন তুষার ও জসিম উদ্দিনকে বহিষ্কারের প্রস্তাব করা হয়। প্রমাণস্বরূপ বিভিন্ন টিভি চ্যানেলের খবরে ওই দুইজনের ছবি দেখার কথা সভায় উপস্থাপন করা হলে প্রস্তাবটি গৃহীত হয়। এরপর ওই দুই নেতাকে বহিষ্কার করা হয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়। তবে নেতারা আটক রাজ্জাক ও মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রাতে পলিটেকনিক কলেজ ছাত্রলীগের নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আবদুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, ইমরান হোসেন, মাশরুফ মোল্লা, সাইদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সৌরভ, মেহেদি হাসান ও সায়েম। তাঁদের মধ্যে আবদুর রাজ্জাক, মিজানুর রহমান ও ইমরান হোসেন সংঘর্ষে নেতৃত্ব দেন। মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর মহানগর কমিটি জরুরি সভা করে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার, মহানগর কমিটির সদস্য মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আবদুর রাজ্জাককে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষ একটি মামলা করেছে। আমরা আসামিদের কোর্টের মাধ্যমে চালান করে দিয়েছি।কলেজ অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, যেহেতু ঘটনাটা প্রকাশ্যে ঘটেছে, তাই আমি বাদী হয়ে মামলা করেছি। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ নয়জনকে আটক করে। বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে।