বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির দাবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির দাবিতে কীর্তনখোলা নদী ও তিন কিলোমিটার সড়কপথে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বরিশাল বিশ্ববিদ্যালয় (কর্ণকাঠি) বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে রোববার দুপুর ১২টায় কীর্তনখোলা নদীর কাউয়ারচর ফেরিঘাট থেকে তালুকদার হাট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখা, গণফোরাম, জাতীয় পার্টি, বরিশাল পূর্বাঞ্চলীয় শিক্ষাউন্নয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণী-পেশার মানুষ। তারা ওই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্লে¬াগান-সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়। বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালের মানুষের প্রাণের দাবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এ নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। বুকের রক্ত দিয়ে হলেও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।বক্তারা উচ্চ আদালতে দায়ের করা রিট বাতিলের দাবি জানিয়ে অনতিবিলম্বে ২০১০-১১ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান।বক্তৃতা করেন অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মহসিন-উল ইসলাম, অধ্যাপক মশিউর রহমান, ওয়াহেদুজ্জামান, আনোয়ারুল হক প্রমুখ। বাসস।