বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানবপ্রাচীর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানবপ্রাচীর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি। আজ শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা ওই মানবপ্রাচীরে নগরের সব স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে একই দাবিতে ওই কমিটি সভা, সমাবেশ, মতবিনিময় ও বরিশাল অচল কর্মসূচি পালন করে। আজ বরিশালে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী হাতে হাত বেঁধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মানবপ্রাচীরে অংশ নেয়। কর্মসূচি শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, দাবি না মানলে ভবিষ্যতে সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল বন্ধের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছিল বরিশালের সর্বস্তরের মানুষ। বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচন ও অর্থ বরাদ্দ হয়েছে। জমি অধিগ্রহণ, ভবন নির্মাণসহ পুরো প্রক্রিয়া শেষ হতে আরও বেশ কয়েক বছর সময় লাগবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি জেলা স্কুলের অব্যবহূত ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর জন্য ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির দাবিতে আন্দোলনে নামে। গত ২৩ আগস্ট থেকে তারা লাগাতার কর্মসূচি পালন করছে।