বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ৭৫ হাজার ৮০৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথম জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ৪ নভেম্বর থেকে সব শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা। বরিশাল বোর্ডের আওতায় ছয় জেলার এক হাজার ৯৬২টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।এসএসসি পরীক্ষার মতো নিবন্ধন করা হয়েছে। বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৫০ টাকা বোর্ড ফি দিয়ে ওই নিবন্ধন করে। বরিশাল বোর্ডের অধীন সবচেয়ে বেশি পরীক্ষার্থী বরিশাল জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। জেলার ৩৭৫টি মাধ্যমিক ও ৬২টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ হাজার ২০১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর পরে রয়েছে, পটুয়াখালী। এ জেলার ২৩০টি মাধ্যমিক ও ৬১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ১২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পিরোজপুর জেলার ২৩৫টি মাধ্যমিক ও ৪১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ১১ হাজার ৬৫৭ জন, ভোলা জেলার ১৪৬টি মাধ্যমিক, ১০৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ হাজার ৬২৩ জন, বরগুনা জেলার ১৩০টি মাধ্যমিক ও ৪২টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে সাত হাজার ৯১৮ জন এবং ঝালকাঠি জেলার ১৫৬টি মাধ্যমিক ও ৩৬টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে সাত হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার মতোই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এ জন্য এসএসসি পরীক্ষার সময় ব্যবহূত ৬৫টি কেন্দ্র ঠিক রেখে আরও ২৫টি কেন্দ্র নির্বাচন করা হবে। এ ব্যাপারে প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চিঠি দেওয়া হয়েছে। উপজেলার সম্ভাব্য কেন্দ্রের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশ অনুযায়ী নতুন কেন্দ্র ঠিক করা হবে। পরীক্ষার সময় বোর্ডের ১২টি ভিজিল্যান্স টিম কাজ করবে।পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম এনায়েত হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এসএসসি পরীক্ষায় কেন্দ্র ছিল ৬৫টি। জেএসসি পরীক্ষায় ছাত্রসংখ্যা বেশি হওয়ায়। কেন্দ্র অবশ্যই বাড়াতে হবে। ভালো পরীক্ষা নিতে হলে ভিজিলেন্স টিম গঠন করা জরুরি। তবে বোর্ডের বাইরে ভিজিলেন্স টিম গঠন করা প্রয়োজন থাকলেও আর্থিক বিষয়ের কথা চিন্তা করে করা সম্ভব হবে না।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে এটি নতুন পদ্ধতি চালু হচ্ছে। সম্পূর্ণ এসএসসি পরীক্ষার আদলেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গড়ে প্রতি উপজেলায় দুটি, কোথাও তিনটি করে ৯০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার বিষয় চূড়ান্ত করা হয়েছে। এ জন্য বোর্ডের একটি টিম গঠন করা হয়েছে। কেন্দ্র সংখ্যা অনেক হওয়ার কারণে প্রতি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব ও সহযোগিতা নিতে হবে। নিবন্ধনকৃত শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে না পারলে তাদের পুনরায় নিবন্ধন করে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে হবে। অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট অর্জন করতে না পারলে কেউ চাকরির সুযোগও পাবে না।’