বরিশাল-মাওয়া রুটে শিগগিরই চালু হচ্ছে বিআরটিসি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের নথুল্লাবাদ থেকে মাওয়া ও কেওরাকান্দি রুটে খুব শিগগিরই বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে। ইতিমধ্যে এ রুটের জন্য নতুন একটি বাস বরিশাল ডিপোতে এসে পৌঁছেছে। আরও কয়েকটি বাস আসার অপেক্ষায়। বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে নথুল্লাবাদ-মাওয়া ও কেওরাকান্দি রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। কয়েক দিন আগে এ রুটের জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে তৈরি একটি নতুন বাস বরিশাল ডিপোতে এসে পৌঁছেছে। আরও পাঁচটি বাস আসার অপেক্ষায় রয়েছে। সেগুলো এসে পৌঁছালে এ রুটের বাস চলাচলের উদ্বোধন করা হবে। এ রুটের প্রতিটি বাসে আসনসংখ্যা থাকবে ৫৬। প্রতি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। তবে নগরের লঞ্চঘাট নাকি নথুল্লাবাদ বাস ডিপো থেকে বাস চলাচল করবে, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্দিষ্ট স্থান থেকে প্রতি ঘণ্টায় গন্তব্যের উদ্দেশ্যে বাস ছাড়বে। বরিশাল বিআরটিসির সুপারভাইজার মো. শহীদ প্রথম আলোকে জানান, বরিশাল-মাওয়া ও কেওরাকান্দি রুটে খুব শিগগিরই বিআরটিসির বাস চালু হবে। ইতিমধ্যে একটি বাস ডিপোতে এসেছে। আরও পাঁচটি আসার কথা। ওই বাস এলেই আনুষ্ঠানিকভাবে এই রুটে বাস চলাচল শুরু হবে।বিআরটিসির বরিশাল ডিপো ইন চার্জ মো. আ. রহিম প্রথম আলোকে জানান, এ মাসের মধ্যেই বরিশাল-মাওয়া রুটে সার্ভিস চালু হবে। আপাতত নতুন চারটি ও পুরোনো একটি বাস নিয়ে এই রুট চালু করা হচ্ছে।